বর্ধিত জনসংখ্য, বিস্তৃত শিল্পায়ন এবং ক্রমবর্ধমান নগরায়নের ফলে জ্বালানির চাহিদা ক্রমাগত বাড়ছে বলে মনে করেন ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মো. আকবর হোসেন। তিনি বলেন, এ সমস্যার সমাধানে বিকল্প জ্বালানি উৎসগুলোর বিকাশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া নবায়নযোগ্য জ্বালানি ও আমাদের বিদ্যমান জ্বালানি সমস্যা নিরসনেও বিশেষ অবদান রাখবে।
জ্বালানি নিরাপত্তা নিয়ে মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, সমসাময়িক জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ বিষয়াবলির ওপর গবেষণার ধারাবাহিকতায় বুধবার (৭ জুন) ‘এনার্জি সিকিউরিটি ফর বাংলাদেশ- নিড টু লুক অ্যান্ড ডেভেলপ অলনারনেটিভ সোর্স অব এনার্জি’ শীর্ষক দিনব্যাপী এই সেমিনারের আয়োজন করা হয়।
সকাল ১০টায় এনডিসি অডিটোরিয়ামে এনডিসি কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মো. আকবর হোসেন সেমিনারের উদ্বোধন করেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যায়ের (বুয়েট) পেট্রোলিয়াম অ্যান্ড মিনারেল রিসোর্সেস ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মাদ তামিম সেমিনারে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।
ন্যাশনাল ডিফেন্স কোর্স ২০২৩ -এর ৫ জন কোর্স মেম্বার সেমিনারের মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন। সেমিনারে আলোচনায় বাংলাদেশের জ্বালানি সেক্টরের বর্তমান চিত্র, চ্যালেঞ্জসমূহ ও তা থেকে উত্তরণের উপায় এবং বিকল্প শক্তির উৎস সম্পর্কে নানা বিষয় উঠে আসে। যা উপস্থিত অংশগ্রহণকারীদের মনোযোগ আকর্ষণ করে।
জ্বালানি নিরাপত্তার গুরুত্বপূর্ণ দিকসমূহ যথাযথভাবে উপস্থাপনের জন্য সেমিনারের বক্তাদের ধন্যবাদ জানান এনডিসি কমান্ড্যান্ট। সেমিনারে এনডিসির ফ্যাকাল্টি, কোর্স মেম্বার ও স্টাফ অফিসাররা উপস্থিত ছিলেন। এছাড়াও সশ্রস্ত্র বাহিনী বিভাগ, সেনাসদর, নৌসদর, বিমানসদর, বিইউপি, ডিএসসিএসসি, এমআইএসটি, বিআইআইএসএস ও পরিকল্পনা মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।