প্রতিবন্ধী শিক্ষার্থীদের চাকরিতে কোটা পুনর্বহালসহ চার দফা দাবি জানিয়েছে চাকরি প্রত্যাশী দৃষ্টি প্রতিবন্ধী গ্রাজুয়েট পরিষদ। বৃহস্পতিবার (৮ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি থেকে এ দাবি জানায় তারা।
সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরুর একটি মন্তব্যের সমালোচনা করে চাকরি প্রত্যাশী দৃষ্টি প্রতিবন্ধী গ্রাজুয়েট পরিষদের আহ্বায়ক আলী হোসেন বলেন, ‘আমরা ২০১৮ সাল থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত আন্দোলন করছি। কিন্তু যেখানে আমাদের মৌলিক অধিকার পাচ্ছি না সেখানে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী কীভাবে বললেন, আমাদের সব সুযোগ দেওয়া হয়েছে, আমাদের আর তেমন কিছু প্রয়োজন নেই। যিনি প্রতিবন্ধীদের সম্পর্কে ধারণা রাখেন না তিনি কোনোভাবেই এরকম একটি গুরুত্বপূর্ণ পদে থাকতে পারেন না।’
যুগ্ম আহ্বায়ক মাহবুব মোরশেদ বলেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিরা নাকি লিখতে পারে না, তাই তাদের চাকরি দেওয়া যাবে না– এরকম একটি ভ্রান্ত কথা একজন দায়িত্বশীল প্রতিমন্ত্রী হিসেবে তিনি কীভাবে বলতে পারেন! তিনি সরাসরি বাংলাদেশের সংবিধান ও আইন অবমাননা করেছেন।’
তিনি আরও বলেন, ‘যতদিন আমরা বৈষম্যের শিকার হবো ততদিন পর্যন্ত আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখবো।’
তাদের অন্য দাবিগুলো হলো– প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান নিশ্চিতকরণ, অভিন্ন জাতীয় শ্রুতি লেখক নীতিমালা প্রণয়ন, প্রতিবন্ধীদের জন্যে আলাদা একটি অধিদফতর প্রতিষ্ঠা এবং মাসে ৮৫০ টাকা থেকে উন্নীত করে ৫০০০ টাকা ভাতা বাড়ানো।
এ সময় আরও বক্তব্য দেন পরিষদের যুগ্ম আহ্বায়ক আলিফ হোসেন, পার্থ প্রতীম মিস্ত্রি প্রমুখ।