লাইফ সাপোর্টে সিরাজুল আলম খান

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও প্রবীণ রাজনীতিবিদ সিরাজুল আলম খানের শারীরিক অবস্থা অবনতি হওয়ায় লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৮ জুন) রাতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে নেওয়া হয় তাকে।

বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন সিরাজুল আলম খানের ব্যাক্তিগত সহকারী মো. রুবেল হাওলাদার। তিনি জানান, পরিবার ও শুভানুধ্যায়ীরা তার শারীরিক সুস্থতা এবং দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

ঢামেকের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, বৃহস্পতিবার (৮ জুন) রাতে আইসিইউতে চিকিৎসাধীন সিরাজুল আলম খানের অবস্থার অবনতি হলে রাত সোয়া এগারোটার দিকে লাইফ সাপোর্টে দেওয়া হয়। 

গত ৭ মে রাতে শ্বাসকষ্টসহ বার্ধক্যজনিত অসুস্থতা নিয়ে ঢাকার পান্থপথে শমরিতা হাসপাতালে ভর্তি হন সিরাজুল আলম খান। চিকিৎসকদের পরামর্শে গত ২০ মে ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয় এই প্রবীণ রাজনীতিবিদকে।

শারীরিক জটিলতা দেখা দেওয়ায় সিরাজুল আলম খানকে ঢামেক হাসপাতালের আইসিইউতে রাখা হয়। অবস্থার আরও অবনতি হওয়ায় নেওয়া হয়েছে লাইফ সাপোর্টে।

৮৩ বছর বয়সী সিরাজুল আলম খানকে দেশের রাজনীতির ‘রহস্য পুরুষ’ হিসেবে বিবেচনা করা হয়। ১৯৪১ সালে জন্ম নেওয়া এই কিংবদন্তী রাজনীতিককে গত কয়েক বছর ধরে নিয়মিত হাসপাতালে যেতে হচ্ছে। দেশে এবং বিদেশে দীর্ঘ সময় চিকিৎসা নিয়েছেন তিনি।

বাংলাদেশের স্বাধীনতার পক্ষে আন্দোলন-সংগ্রামের লক্ষ্যে ষাটের দশকের প্রথমার্ধে সিরাজুল আলম খান, আব্দুর রাজ্জাক ও কাজী আরেফ আহমেদের নেতৃত্বে স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ বা ‘স্বাধীনতার নিউক্লিয়াস’ গঠিত হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সাহচর্যে ছিলেন এই ছাত্র নেতারা।