সাতক্ষীরার মেয়র তাসকিনের বরখাস্তের আদেশ স্থগিতই থাকছে

সাতক্ষীরা পৌরসভা মেয়র তাসকিন আহমেদ চিশতির সাময়িক বরখাস্তের উপর হাইকোর্টের স্থগিতাদেশ বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা আবেদনের শুনানি নিয়ে সোমবার (১২ জুন) বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন চেম্বার জজ আদালত এ আদেশ দেন।

আদালতে মেয়রের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার ইমরুল হায়দার। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত।

এর আগে গত ৬ ফেব্রুয়ারি তাসকিন আহমেদকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং এক নম্বর প্যানেল মেয়রকে দায়িত্বভার দেওয়া হয়। তবে গত ১৪ ফ্রেব্রুয়ারি এক আবেদনের পরিপ্রেক্ষিতে সরকারের আদেশ দুটির কার্যক্রম স্থগিত করেন হাইকোর্ট। তবে হাইকোর্টের আদেশ অনুসারে তাসকিন আহমেদ চিশতী মেয়র হিসাবে দায়িত্ব পালন করতে গেলে, সাতক্ষীরা পৌরসভার নির্বাহী কর্মকর্তা এবং প্যানেল মেয়র সরাসরি বাধা প্রদান করেন এবং লাঞ্ছিত করেন। যার ধারাবাহিকতায় তার পক্ষে হাইকোর্টে একটি সম্পূরক আবেদন করা হয়।

ওই আবেদনের শুনানি নিয়ে সাতক্ষীরা পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতীকে তার দায়িত্বভার বিগত ৬ জুনের মধ্যে বুঝিয়ে দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মৌখিকভাবে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। গত ১ জুন বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।