১৪৯ জনকে বকেয়াসহ মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা দেওয়ার নির্দেশ

চাঁদপুরের পাঁচ উপজেলার ১৪৯ জনকে বকেয়াসহ মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা দেওয়ার নির্দেশনা দিয়ে রায় ঘোষণা করেছেন আপিল বিভাগ। একইসঙ্গে আগামী তিন মাসের মধ্যে যাচাই-বাছাই করে গেজেট বিষয়ে সিদ্ধান্ত নিতে সরকার এবং জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলকে নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (১২ জুন) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. নুরুজ্জামানের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এ রায় দেন। আদালতে মুক্তিযোদ্ধাদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার তৌফিক ইনাম। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) পক্ষে শুনানি করেন ডেপুটি জেনারেল মো. জাহাঙ্গীর আলম।

এর আগে চাঁদপুরের পাঁচ উপজেলার ১৪৯ জন মুক্তিযোদ্ধা জেলা ও জেলা পর্যায়ে যাচাই-বাছাইয়ের পর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হন। তালিকাভুক্ত হওয়া স্বত্বেও তাদের গেজেটভুক্ত না করা এবং তাদের চলমান ভাতা হঠাৎ বন্ধ করে দেওয়ার ঘটনায় প্রতিকার চেয়ে ২০১৬ সালে তারা পৃথক পাঁচটি রিট আবেদন দায়ের করেন।

২০১৯ সালের ডিসেম্বর মাসে রিট মামলাগুলোর চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট আবেদনকারী মুক্তিযোদ্ধাদের ভাতা স্থগিত করার তারিখ থেকে, অর্থাৎ ২০১৫ সালের জুলাই মাস থেকে বকেয়া মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা দেওয়ার নির্দেশনা দেন। একইসঙ্গে তাদের নাম গেজেটভুক্ত করার নির্দেশ দেন।

পরে হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল পৃথক পৃথক আপিল দায়ের করে। আপিল শুনানি শেষে হাইকোর্টের দেওয়া রায় আংশিক সংশোধনসহ বহাল এবং রিট আবেদনকারী মুক্তিযোদ্ধাদের বকেয়া ভাতাসহ চলতি সময়ের ভাতা অব্যাহত রাখার নির্দেশ দিলেন আদালত।