টিপু হত্যা মামলায় ২ আসামিকে জামিন দেননি হাইকোর্ট

রাজধানীর শাহজাহানপুরে মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরিন প্রীতি হত্যা মামলায় দুই আসামিকে জামিন দেননি হাইকোর্ট। আসামিরা হলেন, মো. সোহেল ও শামসুল হায়দার উজ্জল।

মঙ্গলবার (১৩ জুন) বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকার্ট বেঞ্চ আসামিদের আগাম জামিনের আবেদন কার্যতালিকা থেকে বাদ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভুঁইয়া। অন্যদিকে আসামিপক্ষে ছিলেন আইনজীবী মো. কামাল হোসেন।

এর আগে, ২০২২ সালের ২৪ মার্চ রাত পৌনে ১০টার দিকে মতিঝিল এজিবি কলোনি কাঁচাবাজার সংলগ্ন রেস্টুরেন্ট থেকে বাসায় ফেরার পথে শাজাহানপুর আমতলা ইসলামি ব্যাংক হাসপাতালের সামনে দুর্বৃত্তদের এলোপাথাড়ি গুলিতে জাহিদুল ইসলাম টিপু ও প্রীতি নিহত হন। গুলিবিদ্ধ হন টিপুর গাড়িচালক।

এ ঘটনায় টিপুর স্ত্রী ফারজানা ইসলাম ডলি মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতদের আসামি করা হয়।

গত ৫ জুন এ মামলায় ৩৩ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করে ডিবি পুলিশ। 

পরে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের পরিদর্শক ইয়াসিন শিকদার বলেন, ‘তদন্তে ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেলেও মোহাম্মদ সোহেল নামে এক আসামির পূর্ণাঙ্গ ঠিকানা পাওয়া যায়নি। তাই তাকে মামলা থেকে অব্যাহতির আবেদন করা হয়। এছাড়া বাকি ৩৩ জনকে অভিযুক্ত করা হয়েছে।’

আগামী ১৫ জুন মামলাটির শুনানির দিন ধার্য রয়েছে।