জামালপুরে দুর্বৃত্তদের হামলায় আহত সাংবাদিক গোলাম রব্বানীর মৃত্যুতে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিও জানিয়েছে সংগঠনটি। শনিবার (১৭ জুন) আইন ও সালিশ কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব দাবি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিহত সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম অনলাইন নিউজ পোর্টাল ‘বাংলা নিউজ টোয়েন্টিফোর ডটকমের’ জামালপুর জেলা প্রতিনিধি ছিলেন। একইসঙ্গে তিনি একাত্তর টেলিভিশনের বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করতেন। গত ১৪ জুন রাত ১০টার দিকে তিনি তার পেশাগত দায়িত্ব শেষে বাড়ি ফিরছিলেন। এ সময় বকশীগঞ্জের পাটহাট এলাকায় একদল সন্ত্রাসী হামলা চালায় এবং তাকে ব্যাপক মারধর করে।
এক পর্যায়ে অচেতন হয়ে পড়লে গোলাম রাব্বানীকে ফেলে পালিয়ে যায় তারা। স্থানীয়রা তাকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৫ জুন দুপুরে তার মৃত্যু হয়। পেশাগত কারণে এ হামলার ঘটনা ঘটেছে বলে দাবি করেছে গোলাম রাব্বানীর পরিবার।
আইন ও সালিশ কেন্দ্র মনে করে, সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা অত্যন্ত ন্যক্কারজনক। এমন ঘটনা সাংবাদিকদের নির্বিঘ্নে পেশাগত দায়িত্ব পালন ও গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ। এছাড়া এ ধরণের ঘটনার প্রভাব অত্যন্ত সুদূরপ্রসারী এবং জবাবদিহি ও সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা সংকুচিত করে। সাংবাদিকদের এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনা আগেও ঘটেছে। গত দুই যুগে একজন সাংবাদিকের হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন হয়নি কিংবা শাস্তি নিশ্চিত করা যায়নি।
এ ঘটনার তীব্র নিন্দা জানায় আসক। পাশাপাশি এমন ঘটনার পুনরাবৃত্তিরোধে দ্রুত সুস্থ তদন্ত নিশ্চিত করে জড়িতদের বিচারের দাবি জানানো হয়।