ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ দ্রুত বাস্তবায়নের দাবি

ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেন বাস্তবায়ন, ঢাকা-সিলেট ও সিলেট-চট্টগ্রাম আন্তনগর বিরতিহীন ট্রেন চালুসহ পাঁচ দফা দাবি জানিয়ে মানববন্ধন করেছে ‘সিলেট বিভাগ যোগাযোগ ও উন্নয়ন পরিষদ’।

শনিবার (১৭ জুন) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এসব দাবি জানানো হয়।

সংগঠনটির অন্যান্য দাবি হলো– আখাউড়া-সিলেট রেলপথের ব্রডগেজ ও ডাবললাইনের কাজ দ্রুত বাস্তবায়ন; সিলেট বিমানবন্দর টার্মিনালের কাজ দ্রুত বাস্তবায়ন; সিলেট বিভাগের জেলা-উপজেলা পর্যায়ে ভাঙা রাস্তা মেরামত এবং সিলেট বিভাগের সব নদী খননের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।

মানববন্ধনে বক্তারা বলেন, সিলেটের মানুষ অত্যন্ত কষ্ট করে যাতায়াত করছে। সারা দেশে সরকার ব্যাপক উন্নয়ন করেছে। সিলেট বিভাগের জন্য অনেক মেগা প্রকল্প হাতে নিলেও সেগুলো বাস্তবায়নের কোনও অগ্রগতি নেই। উন্নত সিলেট গড়তে ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেন ও রেল যোগাযোগে পরিবর্তন সিলেটবাসীর সময়ের দাবি। পাশাপাশি এটি বাস্তবায়ন হলে সরকারের সিলেট থেকে ব্যাপক রাজস্ব আদায়ের সুযোগ সৃষ্টি হবে।’

সিলেট বিভাগ যোগাযোগ ও উন্নয়ন পরিষদের সহ-সভাপতি ক্যাপ্টেন (অব.) মিজানুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি সি এম কয়েস সামী।