আইনজীবী আশিকুর রহমানকে শারীরিক নির্যাতনের ঘটনায় ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এনামুল কবিরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন জাতীয় আইনজীবী পরিষদের নেতারা।
রবিবার (১৮ জুন) দুপুরে জাতীয় আইনজীবী পরিষদের উদ্যোগে ঢাকা আইনজীবী সমিতির সামনে এক প্রতিবাদ সভা ও মানববন্ধনে তারা এ দাবি জানান।
সভায় বক্তারা বলেন, আইনজীবী আশিকুর রহমানকে কার্যালয়ে ডেকে নিয়ে লোহার রড দিয়ে পিটিয়ে শারীরিক নির্যাতন করেন অতিরিক্ত ডিআইজি এনামুল কবির। এ ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানাই।’ তারা নির্যাতিনকারী পুলিশ কর্মকর্তাকে অবিলম্বে চাকরি থেকে বরখাস্ত করে বিভাগীয় ও বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে বিচারের সম্মুখীন করা এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান।
সমাবেশে জাতীয় আইনজীবী পরিষদের সদস্যরা ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশ বার কাউন্সিল এবং দেশের সব আইনজীবী সমিতির পক্ষ থেকে এ বিষয়ে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
সমাবেশে বক্তব্য রাখেন– জাতীয় আইনজীবী পরিষদ ঢাকা জজ কোর্টের সাধারণ সম্পাদক শাখার সাধারণ সম্পাদক ও অ্যাডভোকেট মহিবুর রহমান মিহির, জাসদের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ সেলিম, অ্যাডভোকেট আবু হানিফ, জাসদের পরিবেশ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নিলাঞ্জনা রিফাত সুরভী, অ্যাডভোকেট জয়া দাস প্রমুখ।