‘রোহিঙ্গাদের চোখে জীবন’ প্রদর্শনী শুরু

কক্সবাজারে বিশ্বের বৃহত্তম শরণার্থী শিবিরে আশ্রিত রোহিঙ্গা আলোকচিত্রীদের সামষ্টিক কর্ম ও কুশলতা নিয়ে প্রদর্শনী আয়োজিত হচ্ছে। মঙ্গলবার (২০ জুন) শুরু হওয়া আয়োজনটি চলবে আগামী ১০ জুলাই পর্যন্ত। রাজধানীর আগারগাওঁয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে গেলে দেখা মিলবে এ প্রদর্শনীর।

রোহিঙ্গাটোগ্রাফার ম্যাগাজিন এবং ইউএনএইচসিআর মুক্তিযুদ্ধ জাদুঘরের সহযোগিতায় প্রদর্শনীটি কিউরেট করেছেন ডেভিড পালাজন, সাহাত জিয়া হিরো এবং আমেনা খাতুন।

ফটোগ্রাফির মাধ্যমে রোহিঙ্গাদের দক্ষতা বিকাশ, আত্মপ্রকাশ এবং এর উপস্থাপন এই প্রদর্শনীর লক্ষ্য। এর মাধ্যমে রোহিঙ্গা যুবকরা তাদের সৃজনশীলতা, প্রতিভা এবং ভবিষ্যতের আকাঙ্ক্ষা মেলে ধরতে সক্ষম হবে বলে প্রত্যাশা আয়োজকদের।

প্রদর্শনীতে আবুল কালাম, আতারামশিন, আজিমূল হাসন, দিলকায়েস, এনায়েত খান, হুজ্জাত উল্লাহ, ইশরাত বিবি, মা যান, মো. ইদ্রিস, মো. জামাল, রো মনসুর আলী, ওমাল কাহির, রো আনামুল হাসান, রো রেজাউল ইসলাম, রো ইয়াসিন আব্দু মোনার, সাহাত জিয়া হিরো, শাহিদা উইন এবং শাকের আলমের তোলা আলোকচিত্র স্থান পেয়েছে।

নির্বাচিত আলোকচিত্রগুলোতে রোহিঙ্গা জনগোষ্ঠীর দৃঢ় চেতনা, শক্তি এবং শরণার্থী শিবিরে তাদের দৈনন্দিন সংগ্রামকে তুলে ধরে হয়েছে জানিয়ে প্রদর্শনীর অন্যতম আয়োজক রোহিঙ্গাটোগ্রাফার প্রতিষ্ঠাতা সম্পাদক সাহাত জিয়া হিরো বলেন, আমরা চাই অন্য সবার মতো আমাদেরকে সবাই মানুষ হিসেবে দেখুক। আমাদের আশা, স্বপ্ন দুঃখ-বেদনা অন্যদের সঙ্গে ভাগাভাগির মাধ্যমে সংযোগ স্থাপন করতে চাই।

তিনি বলেন, ছবির মাধ্যমে আলোকচিত্রীরা তাদের জীবনযাত্রা সম্পর্কে আভাস দেয়মাত্র এবং তারা যে প্রতিকূলতার সঙ্গে বোঝাপড়া করছে সে সম্পর্কে আরও জানতে আমাদের অনুপ্রাণিত করে। আমাদের প্রত্যাশা, এই শক্তিশালী ও আবেগপূর্ণ আলোকচিত্রগুলো আপনাকে অনুপ্রাণিত করবে উদ্বাস্তু জীবনাভিজ্ঞতা সম্পর্কে ভিন্নভাবে চিন্তা করতে।