তেলাপোকা মারার ওষুধে মৃত্যু: এমডি-চেয়ারম্যানের জামিন নামঞ্জুর

ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে দেওয়া ‘তেলাপোকা মারার ওষুধের’ বিষক্রিয়ায় সহোদর দুই শিশুর মৃত্যুর ঘটনায় করা মামলায় পেস্ট কন্ট্রোল সার্ভিস প্রতিষ্ঠান ডিসিএস অর্গানাইজেশন লিমিটেডের চেয়ারম্যান আশরাফুজ্জামান এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফরহাদুল আমীনের জামিন নামঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২০ জুন) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জল হোসেনের আদালত এ আদেশ দেন। এদিন এ মামলার দুই আসামির পক্ষে তাদের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তাদের জামিন নামঞ্জুর করেন।

এর আগে গত ৮ জুন আদালত শুনানি শেষে তাদের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে গত ১২ জুন আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এ মামলায় রিমান্ড শেষে স্প্রে ম্যান টিটু মোল্লা কারাগারে রয়েছে।

গত ৩ জুন রাতের দিকে তেলাপোকা মারার ওষুধের বিষক্রিয়ায় গুরুতর অসুস্থ অবস্থায় তাদের দুজনকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাদের হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৪ জুন মো. জায়ান মোবারকের মৃত্যু হয় ও ৫ জুন মো. শায়ান মোবারকের মৃত্যু হয়। জায়ান ও শায়ানের বাবা ব্যবসায়ী মোবারক হোসেন ঢাকা রয়েল ক্লাব লিমিটেডের (উত্তরা) প্রতিষ্ঠাতা সভাপতি। পরিবার নিয়ে তিনি বসুন্ধরা আবাসিক এলাকার বসবাস করেন। এ ঘটনায় তিনি ভাটারা থানায় মামলা করেন।