রাজধানীর বনানী থানায় দায়ের করা মানি লন্ডারিং আইনের মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টের চেয়ারম্যান মো. মঞ্জুর আলম সিকদার ও তার স্ত্রী সাদিয়া চৌধুরীর জামিন আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট।
বুধবার (২১ জুন) বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকার্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভুঁইয়া। অন্যদিকে আবেদনকারীদের পক্ষে ছিলেন আইনজীবী মো. কামরুল ইসলাম।
পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া জানান, শুনানি শেষে হাইকোর্ট আসামিদের জামিন দিতে অপারগতা পোষণ করেন এবং জামিন আবেদন ফেরত দিয়ে কার্যতালিকা থেকে বাদ দেন।
এর আগে, গত মে আসামিদের বিরুদ্ধে বনানী থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলায় মানি লন্ডারিং আইনের ৪(২)৪(৪)৪(৩) ধারায় অভিযোগ আনা হয়েছে।