আশুলিয়ায় বস্তাবন্দি শিশু উদ্ধার, ঢামেকে ভর্তি

ঢাকার আশুলিয়ায় একটি কিন্ডার গার্টেনের ভবনের পেছন থেকে আড়াই বছরের এক নিখোঁজ শিশুকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করা হয়েছে। শনিবার (২৪ জুন) দুপুরে শিশুটিকে উদ্ধার করা হয়। পরে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, শিশুটি বর্তমানে ঢামেকের ওয়ান স্টপ ইমার্জেন্সি সার্ভিস সেন্টার (ওসেক) চিকিৎসাধীন রয়েছে। 

সেখানকার কর্তব্যরত চিকিৎসক ডা. তাওহিদ বিল্লাহ বলেন, ‘আমরা যখন শিশুটি পাই, তখন তার খিঁচুনি হচ্ছিল। আমরা খিঁচুনি বন্ধ করার চেষ্টা করছি। তবে তার অবস্থা এখনও আশঙ্কামুক্ত নয়। পরীক্ষা-নিরীক্ষার পর তার প্রকৃত অবস্থা বলা যাবে।‘ 

শিশুটির বাবা একজন সবজি বিক্রেতা। তিনি বলেন, ‘আজ শনিবার সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে আমার মেয়ে বাসার সামনে থেকে নিখোঁজ হয়। তাকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যাচ্ছিল না।’

তার নিজের কোনও শত্রু নাই দাবি করে তিনি বলেন, ‘তবে এক প্রতিবেশীর সঙ্গে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিরোধ হয়েছিল। আমার ধারণা তিনি এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন।’

জিরাবো ইগ নাইট কিন্ডার গার্টেন-এর পরিচালক জয়নাল আবেদিন তুহিন বলেন, ‘দুপুর আনুমানিক আড়াইটার দিকে আমার স্কুলের পেছনে এক টোকাই একটি প্লাস্টিকের বস্তা পায়। বস্তার ভেতরে সে একটি শিশু দেখতে পায় এবং তার গলায় গামছা পেচানো। মৃত ভেবে সেখানে স্থানীয় লোকজন সেখানে ভিড় জমায়। শিশুটি কোনও নড়াচড়া করছিল না। তখন আমি এগিয়ে গিয়ে শিশুটিকে কৃত্রিমভাবে মুখ দিয়ে অক্সিজেন দেওয়ার চেষ্টা করি। কয়েকবার করার পর শিশুটি নড়ে-চড়ে উঠে। পরে তাকে দ্রুত স্থানীয় নারী ও শিশু হাসপাতালে নিয়ে যায়।’

বিষয়টি তাৎক্ষণিক পুলিশ অবহিত করা হয় এবং সেই হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে সেখান থেকে তারা শিশুটিকে রেফার করেন ঢামেক হাসপাতালে। পরে সন্ধ্যায় ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।