ওমরা পালনের জন্য সৌদি আরবগামী যাত্রীদের ক্ষেত্রে ভ্রমণ কর প্রত্যাহারের জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব)। ২৫ জুন আটাব সভাপতি এস. এন.মঞ্জুর মোর্শেদ স্বাক্ষরিত আবেদন প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়।
আটাব প্রধানমন্ত্রীর কাছে আবেদনে জানিয়েছে, ভ্রমণকর আইন ২০০৩ এর ৪(১) (জ) এ প্রদত্ত রেয়াতে পবিত্র হজ ও ওমরা পালনের জন্য সৌদি আরবে গমনকারী যাত্রীদের ভ্রমণ কর অব্যাহতি দেওয়া হয়েছে। বর্তমান ২০২৩-২০২৪ অর্থবছরের বাজেটে শুধু পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবে গমনকারীদের ভ্রমণ কর প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। বর্তমানে পবিত্র হজ প্যাকেজের মূল্য অত্যাধিক বৃদ্ধি পাওয়ায় অনেক ধর্মপ্রাণ মুসলমান ইচ্ছা থাকলেও আর্থিক অসচ্ছলতার কারণে পবিত্র হজ পালন করতে পারছেন না। পবিত্র ওমরা যাত্রীদের ওপর প্রস্তাবিত ভ্রমণ কর আরোপের কারণে তাদের ওপর আর্থিক চাপ আরও বেড়ে যাবে।
বিষয়টি বিবেচনায় নিয়ে ধর্মপ্রাণ মুসলমানদের ওমরা পালনে আর্থিক চাপ লাঘব করতে ২০২৩-২০২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে আরোপকৃত ভ্রমণ কর প্রত্যাহার করে আগের মতো বিধান করা আবেদন জানায় আটাব।