বাংলাদেশ কাবাডি ফেডারেশনের অফিস ইনচার্জ মো. ইমরান হোসেন (৫৭) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গতকাল শুক্রবার রাত (৩০ জুন) পৌনে ১২টায় রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। দীর্ঘদিন ধরে তিনি কিডনি জটিলতাসহ নানা রোগে ভুগছিলেন।
পুলিশ সদর দফতরের এআইজি মিডিয়া মনজুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইমরান হোসেনের জানাজা শনিবার (১ জুলাই) রাত ৯টায় তার গ্রামের বাড়ি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার দোলন বাজার এলাকার সৈয়দপুর গ্রামে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
মো. ইমরান হোসেনের স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রয়েছেন।
আইজিপির শোক
মো. ইমরান হোসেনের মৃত্যুতে পুলিশ মহাপরিদর্শক ও বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি চৌধুরী আবদুল্লাহ আল মামুন শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
শনিবার এক শোকবার্তায় আইজিপি বলেন, মো. ইমরান হোসেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের একজন সৎ ও দক্ষ কর্মী ছিলেন। তিনি বাংলাদেশের জাতীয় খেলা কাবাডিকে সারা দেশে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তার মতো একজন দক্ষ কর্মীর মৃত্যুতে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের অপূরণীয় ক্ষতি হয়েছে।
আইজিপি ইমরানের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।