ধানমন্ডিতে মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ: অভিযুক্ত গ্রেফতার

রাজধানীর ধানমন্ডিতে এক মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ ও মারধরের ঘটনায় দায়ের করা মামলায় মাহাদী হাসান জারিফ (২৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ জুলাই) রাতে বরিশাল থেকে তাকে গ্রেফতার করা হয়।

শুক্রবার (৭ জুলাই) ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি পারভেজ ইসলাম বাংলা ট্রিবিউনকে তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ঘটনার পর থেকেই জারিফ পলাতক ছিল। বিভিন্ন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর আজ শুক্রবার তাকে আদালতে পাঠানো হয়। মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ ও মারধরের ঘটনা সে স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে।

ওসি আরও বলেন, মাদ্রাসা শিক্ষার্থীকে ক্ষণিকের পরিচয় ফুসলিয়ে গত ৩ জুলাই বিকালের দিকে ধানমন্ডি ৩/এ এলাকায় এএমএম সেন্টারের সাততলায় পরিত্যক্ত ফ্লোরের বেলকনিতে নিয়ে যায় জারিফ। সেখানে মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ করে সে।