চকবাজারে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

রাজধানীর চকবাজারের রহমতগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মো. বিপ্লব নামে এক কাভার্ড ভ্যানের সহকারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ জুলাই) দিবাগত-রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।

চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) শংকর রায় সত্যতা নিশ্চিত করে বলেন, কাভার্ড ভ্যানে গেট খুলে নামার সময় সেখানে রাস্তায় বৈদ্যুতিক তার ছিঁড়ে তার শরীরে লাগে। এতে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে অচেতন হয়ে পড়েন বিপ্লব। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। মরদেহ কলেজের মর্গে রাখা হয়েছে। 

একই ভ্যানের চালক ও বিপ্লবের সহকর্মী হক সুমন বলেন, তারা দুজন প্লাস্টিক দানা বোঝাই করে রহমতগঞ্জের ডালপট্টিতে তা নামিয়ে বের হওয়ার অপেক্ষায় ছিলেন তারা। সে সময়ে সেখানে আরও অনেক গাড়ি এলে এলাকায় জ্যাম লেগে যায়। তাই আমি বিপ্লবকে রেখে সামনে যাই। পরে এসে দেখতে পাই সেখানে বৈদ্যুতিক তার কাভার্ড ভ্যানের সঙ্গে লেগে বিপ্লব বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে আছে।

পরে আমি দ্রুত বিপ্লবকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসি। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত পোনে ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

বিপ্লব নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা গ্রামের শাহজাহানের ছেলে। চালকের বাড়িও একই এলাকায়।