ধর্ষণ মামলায় বড় মনিরের জামিন স্থগিত, ভূমিষ্ঠ শিশুর ডিএনএ পরীক্ষার নির্দেশ

ধর্ষণ মামলায় টাঙ্গাইল শহর আওয়ামী লী‌গের সহ-সভাপতি গোলাম কিবরিয়া ওরফে বড় ম‌নি‌রকে হাইকোর্টের দেওয়া জা‌মিন স্থগিত করেছেন চেম্বার জজ আদালত। একইসঙ্গে ধর্ষণের শিকার ওই নারীর গর্ভে জন্ম নেওয়া নবজাতকের ডিএনএ টেস্টের নির্দেশ দিয়েছেন আদালত। আগামী ২১ আগস্ট ডিএনএ টেস্টের প্রতিবেদন আপিল বিভাগে দাখিল এবং একইদিন মামলা শুনানির দিন নির্ধারণ করেছেন আদালত।

রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে বুধবার (১২ জুলাই) আপিল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন চেম্বার জজ আদালত এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী। আসামির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এস এম শাহজাহান।

এর আগে গত ১১ জুলাই বিচারপতি শেখ জাকির হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ বড় মনিরকে জামিন দেন। পরে জামিন স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

প্রসঙ্গত, গত ৫ এপ্রিল রাতে টাঙ্গাইল সদর থানায় গোলাম কিবরিয়া ওরফে বড় মনিরের বিরুদ্ধে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়। মামলায় ওই কিশোরী ধর্ষণের কারণে অন্তঃসত্ত্বা হয়েছে বলে উল্লেখ করা হয়। মামলায় গোলাম কিবরিয়া ওরফে বড় মনিরের স্ত্রী নিগার আফতাবকেও আসামি করা হয়। এদিকে মেয়েটি অন্তঃসত্ত্বা হওয়ার প্রমাণ পেয়েছে মেডিক্যাল বোর্ড। এছাড়া ওই কিশোরী ৬ এপ্রিল দুপুরে আদালতে ২২ ধারায় জবানবন্দি দিয়েছেন। পরে ওই কিশোরী সন্তানের জন্ম দেন।

গত ১৫ মে ধর্ষণ মামলায় টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম কিবরিয়া ওরফে বড় মনিরের জা‌মিন নামঞ্জুর করে কারাগারে পাঠান আদালত। টাঙ্গাইলের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল মহসীন এই আদেশ দেন।

গোলাম কিবরিয়া ওরফে বড় ম‌নি‌র টাঙ্গাইল-২ (‌গোপালপুর-ভুঞাপুর) আসনের সংসদ সদস‌্য তানভীর হাসান ওরফে ছোট মনি‌রের বড় ভাই এবং জেলা বাস-মি‌নিবাস মা‌লিক স‌মি‌তির মহাস‌চিব।