জাল নোট বানিয়ে বিভিন্ন জায়গায় বিক্রি করতো তারা!

জাল নোট বানানো এবং বিভিন্ন জায়গায় সরবরাহের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বৃহস্পতিবার (১৩ জুলাই) রাতে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানা এলাকার ভুলতা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো মো. আবুল কাশেম ওরফে জসীম উদ্দীন (২৫) এবং তার সহযোগী মো. রুবেল মিয়া (২৭)। র‌্যাব জানায়, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৬৮ হাজার ৬০ টাকার জাল নোট, তিনটি মোবাইল ফোন এবং নগদ ৩১ হাজার ২৮৪ টাকা উদ্ধার করা হয়। র‌্যাব- ৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতার দুই ব্যক্তি

তিনি বলেন, গ্রেফতারকৃতরা জাল নোট তৈরি করে দেশের বিভিন্ন জায়গায় কেনাবেচা করতো বলে দ্বায় স্বীকার করেছে। এ চক্রের একাধিক সিন্ডিকেট রয়েছে বলে তথ্য দিয়েছে। এসব বিষয় খতিয়ে দেখে চক্রের অন্যান্য সদস্যদের ধরতে অভিযান চলমান রয়েছে।