ঢাকায় কোয়ালিটাস হেলথ মালয়েশিয়ার যাত্রা শুরু

বাংলাদেশের সর্বত্র কম খরচে মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দিতে রাজধানীর বনানীতে কার্যক্রম শুরু করেছে মালয়েশিয়ার কোয়ালিটাস হেলথ কেয়ার বাংলাদেশ। এ বছরের ১ মার্চ থেকে বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু হয়।

রবিবার (১৬ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে কোয়ালিটাস হেলথকেয়ার বাংলাদেশ আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানানো হয়েছে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, মালয়েশিয়ায় অবস্থিত ফ্যামিলি ক্লিনিক কোয়ালিটাস হেলথ বাংলাদেশ, মালয়েশিয়ার কোয়ালিটাস গ্রুপের একটি শাখা। বাংলাদেশে যার পথচলা শুরু হয়েছে গত ১ মার্চ। ১৯৯৭ সালে মালয়েশিয়ায় ড. নূরুল আমীন বিন মোহাম্মদ ইসহাক বেসরকারি প্রাথমিক স্বাস্থ্যসেবা দানকারীদের নিয়ে একটি সমন্বিত নেটওয়ার্ক তৈরি করেন। ২৫ বছর ধরে কোয়ালিটাস গ্রুপ এশিয়া প্যাসিফিক রিজিওন এ জেনারেল প্রাকটিস (জিপি) পরিচালনার অভিজ্ঞতা অর্জন করেন তিনি।

সংবাদ সম্মেলনে তারা বলেন, আমাদের উদ্দেশ্য বাংলাদেশের প্রতিটি এলাকায় সব মানুষের কাছে সীমিত খরচে মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া। আমাদের লক্ষ্য ২০২৪ সালের মধ্যে রাজধানীর গুলশান, বারিধারা, বসুন্ধরা, উত্তরা, ধানমন্ডি, মোহাম্মদপুর, মিরপুর, রামপুরা, খিলগাঁও, কাকরাইল, আজিমপুরসহ ঢাকার বিভিন্ন এলাকায় কোয়ালিটাস হেলথ মালয়েশিয়া ক্লিনিকের শাখা স্থাপন করা এবং ২০২৬ সালের মধ্যে ঢাকা ও আশপাশের এলাকায় আরও ৪০টি শাখা তৈরি করে এর সেবা জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দেওয়া।’

তারা আরও বলেন, একজন রোগীর পুরো জীবনকাল জুড়ে যত্নের ধারাবাহিকতা দেওয়া, রোগীকে একজন স্বতন্ত্র ব্যক্তি হিসেবে দেখা, পরিবার পরিবেশ ও সংস্কৃতির প্রেক্ষাপটে একজন রোগীর সমস্যাগুলো চিহ্নিত করা, অসুস্থতা আসার আগেই প্রাথমিকভাবে প্রতিরোধের দিকে মনোনিবেশ করার পরামর্শ ও স্বাস্থ্যশিক্ষার প্রচারসহ অন্যান্য চিকিৎসা শাস্ত্র এবং পারিবারিক চিকিৎসার অবদান থেকে জ্ঞানের সংমিশ্রণের প্রতিনিধিত্ব করার প্রত্যয় নিয়ে সেবা কার্যক্রম শুরু করেছে কোয়ালিটাস হেলথকেয়ার বাংলাদেশ।

নিজেদের সেবা বিষয়ে তারা জানান, কোয়ালিটাস হেলথ মালয়েশিয়া ক্লিনিক দিচ্ছে ডক্টরস কন্সালটেশন, হেলথ চেকআপ, নেবুলাইজেশন, বিভিন্ন প্রকার টিকা, বিভিন্ন ধরণের রক্ত পরীক্ষা, দীর্ঘস্থায়ী রোগের চিকিৎসা ব্যবস্থাপনা, ছোটোখাটো সার্জারি, বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা প্যাকেজ, ল্যাব পরীক্ষা।

সম্মেলনে কোয়ালিটাস হেলথের কান্ট্রি হেড ডক্টর রামন ভারুগেজ বলেন, ‘বাংলাদেশে নতুন ব্যবসার উদ্বোধন ঘোষণা করতে পেরে আমরা আনন্দিত। কোয়ালিটাস হেলথ স্বাস্থ্যসেবার ক্ষেত্রে উদ্ভাবনী এবং রোগীকেন্দ্রিক পদ্ধতির জন্য ব্যাপকভাবে স্বীকৃত। বাংলাদেশে কোয়ালিটাস স্থাপনের সম্ভাবনাকে কাজে লাগানোর মাধ্যমে আমাদের কোম্পানি বিশ্বব্যাপী ব্যক্তি এবং সম্প্রদায়ের কাছে অ্যাক্সেসযোগ্য এবং সাশ্রয়ী মূল্যের স্বাস্থ্যসেবা দেওয়া প্রতি প্রতিশ্রুতি প্রদান করছে।’

কোয়ালিটাস হেলথের চেয়ারম্যান ড. নুরুল আমীন বলেন, ‘আমরা টারশিয়ারি পর্যায়ে নয়, প্রাথমিক পর্যায়ের যে চিকিৎসা ও কনসালটেশন সেটা দেবো। অনেকেই আছেন, সামান্য রোগেই সরাসরি প্রফেসরের কাছে চলে যান। তিনিও রোগীকে যথেষ্ট সময় না নিয়ে এক গাদা টেস্ট দেন। এতে রোগী ডাক্তারের প্রতি যথাযথ আস্থা ও বিশ্বাস অর্জন করতে পারেন না। কোয়ালিটাস প্রত্যেক রোগীকে ১৫ মিনিট ধরে সময় দেবে। রোগীর সমস্যার কথা শুনবে এবং সে অনুযায়ী চিকিৎসা দেবে। আমাদের এখানে প্রাথমিকভাবে এক্সরে, ইসিজি ইত্যাদি করার সুবিধা আছে। গুরুতর অবস্থা হলে রোগীকে কী করতে হবে বা কোথায় যেতে হবে সে পরামর্শও আমরা দিয়ে থাকি। এতে করে অতি অল্প খরচে রোগী একটি পূর্ণাঙ্গ পরামর্শ ও চিকিৎসা পাবেন।’