সোমবার (১৭ জুলাই) অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা ১৭ আসনের উপনির্বাচন। এ জন্য বাড়ানো হয়েছে পুলিশি নজরদারি। এরই মধ্যে কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনি সরঞ্জামাদি পুলিশি নিরাপত্তায় পৌঁছে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি মিডিয়া শাখার উপ-পুলিশ কমিশনার ফারুক হোসেন।
রবিবার (১৬ জুলাই) বিকালে বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে কোনও ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার কোনও তথ্য নেই। তারপরও আমরা সতর্ক রয়েছি। নির্বাচনে দায়িত্ব পালন করা পুলিশ সদস্যদের এরই মধ্যে প্রতিটি ভোট কেন্দ্রে মোতায়েন করা হয়েছে। নিরাপত্তার রক্ষার দায়িত্বে থাকা ডিএমপি জনগণকে অবাধ ও সুষ্ঠু একটি নির্বাচন উপহার দিতে চায়। এরই মধ্যে প্রাথমিক প্রস্তুতিও সম্পন্ন হয়েছে।
নির্বাচন চলাকালীন সময়ে সবাইকে নির্বাচনি বিধি-নিষেধ মেনে চলার আহ্বান জানান তিনি। ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্রে এসে ভোট দেওয়ার কথাও বলেন।
ফারুক হোসেন আরও বলেন, আজ (রবিবার) সকালে ডিএমপি কমিশনার মহোদয়ের নেতৃত্বে ডিএমপি সদর দফতরে নির্বাচন সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদের নিয়ে মিটিং হয়েছে। কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে বা অপ্রীতিকর ঘটনা ঘটানোর পাঁয়তারাকারীদের কোনও ছাড় না দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। মাঠে থাকা ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির সদস্যরা ভোটারদের নিরাপত্তার বিষয়গুলো মাথায় নিয়ে কাজ করবে। নির্বাচনকে ঘিরে পর্যাপ্ত সংখ্যা পুলিশ সদস্য মোতায়ন রাখা হবে বলেও জানান তিনি।
ঢাকা ১৭ আসনের সংসদ সদস্য চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে আসনটি শূন্য হয়। আসনটি শূন্য ঘোষণা করে উপনির্বাচনের জন্য তারিখ নির্ধারণ করে নির্বাচন কমিশন।