বিদায়ী ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানকে আজীবন সম্মাননা দিয়েছে কোর্ট রিপোর্টার্স ইউনিটি (সিআরইউ)।
মঙ্গলবার (২৫ জুলাই) কোর্ট রিপোটার্স ইউনিটির কার্যালয়ে এক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে আজীবন সম্মাননা স্মারক তুলে দেন সংগঠনের সভাপতি হাসিব বিন শহিদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ অন্য নেতারা।
এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, ‘এ দেশকে এগিয়ে নিতে সাংবাদিকদের ভূমিকা অন্তত গুরুত্বপূর্ণ। কোর্ট রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকরা দায়িত্বশীলভাবে কাজ করবেন। আশা করছি, এ দেশের উন্নয়ন, অগ্রগতি সামনের দিকে এগিয়ে নিতে মানুষের মাঝে পজিটিভ ধারণা সৃষ্টি করতে সাংবাদিকরা কাজ করবেন।’
সিআরইউ’র সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, ‘জেলা প্রশাসক হিসেবে মোহাম্মদ মমিনুর রহমান ছিলেন চমৎকার ও দায়িত্বশীল মানুষ। ঢাকার খাস জমি অবৈধভাবে দখল রাখা ব্যক্তির বিরুদ্ধে তিনি যুদ্ধ ঘোষণা করেছিলেন। সেই যুদ্ধে তিনি অনেকটা সফল হয়েছেন। তিনি ছিলেন সাংবাদিকবান্ধব মানুষ। কোর্ট রিপোর্টার্স ইউনিটির জন্য বিশেষ অবদান রাখায় জেলা প্রশাসককে আমরা আজীবন সম্মাননা দিয়েছি।’
সিআরইউ সভাপতি হাসিব বিন শহিদ বলেন, ‘সংবাদ সংগ্রহের ক্ষেত্রে আমাদের নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়। নিম্ন আদালতে সংবাদকর্মীদের নানা অসুবিধা দেখে ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান তা নিরসনে যথাযথ ভূমিকা পালন করেছেন। তিনি একজন মানবিক জেলা প্রশাসক।’
এর আগে, বিকাল ৩টায় সিআরইউ’র কার্যালয়ে উপস্থিত হলে জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান ইউনিটির নেতারা। এ সময় ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম হেদায়েতুল ইসলাম ও সহকারী কমিশনার সফিকুল ইসলাম।
এদিকে দীর্ঘ সাত মাস ঢাকা জেলা প্রশাসকের দায়িত্ব পালন শেষে গত ৬ জুলাই ঢাকার অতিরিক্ত বিভাগীয় কমিশনার পদে পদোন্নতি পান মোহাম্মদ মমিনুর রহমান। দায়িত্বকালে অবৈধভাবে দখল করা সরকারি খাস জমি উদ্ধার, তৃতীয় লিঙ্গের মানুষদের জমি বরাদ্দসহ নানা কর্মকাণ্ডে সর্বমহলে প্রশংসিত তিনি।