বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে বুধবার (২৬ জুলাই) ঢাকা মহানগর ও জেলার বিভিন্ন এলাকা থেকে দলের ৪৭৩ জন নেতাকর্মীকে গ্রেফতার করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার (২৭ জুলাই) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এছাড়া চার জনের একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বাংলা ট্রিবিউনের আদালত প্রতিবেদক সংশ্লিষ্ট থানাগুলোর জিআর শাখা থেকে গ্রেফতার সংক্রান্ত এ তথ্য সংগ্রহ করেছেন।
এদিন ঢাকার মহানগর এলাকার ৪১টি থানায় পুরোনো বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে ৩৬৮ জনকে এবং চারটি থানা থেকে সন্দেহজনক হিসেবে ফৌজদারি কার্যবিধির ১৫১ ও ১৫৪ ধারায় ৯৬ জনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আবেদন করে পুলিশ। এছাড়া ঢাকা জেলার ৭টি থানা থেকে মোট ১৩ জন আসামিকে আদালতে হাজির করা হয়। এদের মধ্যে ৪ জনের একদিন করে রিমান্ড ও ৯ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
এদিন নেতাকর্মীদের পক্ষে বিএনপিপন্থি আইনজীবীরা জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, আসামিদের মধ্যে পুরোনো বিভিন্ন রাজনৈতিক মামলায় রাজধানীর রমনায় ৩ জন, শাহবাগে ১০ জন, ধানমন্ডিতে ৬ জন, হাজারীবাগে ২ জন, যাত্রাবাড়ীতে ৫ জন, ডেমরায় ৮ জন, শ্যামপুরে ১০ জন, কদমতলীতে ৭ জন, মতিঝিলে ৯ জন, পল্টনে ৮ জন, রামপুরায় ২ জন, সবুজবাগে ১ জন, তেজগাঁও, হাতিরঝিল ও তেজগাঁও শিল্পাঞ্চলে ১২ জন, পল্লবীতে ৩০ জন, কাফরুলে ৩৯ জন, মোহাম্মদপুরে ১৫ জন, আদাবরে ২ জন, গুলশানে ১২ জন, বনানীতে ১৫ জন, বাড্ডায় ১৪ জন, ভাটারায় ৩ জন, উত্তরখানে ৬ জন, উত্তরা পশ্চিমে ২ জন, তুরাগে ১০ জন, কোতোয়ালিতে ২ জন, বংশালে ৯ জন, লালবাগে ৯ জন, চকবাজারে ১ জন, কামরাঙ্গীরচরে ১৫ জন, কলাবাগানে ৬ জন, নিউমার্কেটে ১ জন, দারুস সালামে ৫৭ জন, খিলগাঁওয়ে ৭ জন, ক্যান্টনমেন্টে ৩ জন, খিলক্ষেতে ৩ জন, সূত্রাপুরে ১৫ জন, গেন্ডারিয়ায় ২ জন ও ওয়ারী থানা এলাকায় গ্রেফতারকৃত ৭ জনকে কারাগারে পাঠানো হয়েছে।
অপরদিকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ও ১৫৪ ধারায় সন্দেহজনক হিসেবে ৯৬ জনকে আদালতে পাঠানো হয়। এদের মধ্যে রাজধানীর পল্টনে ৪৩ জন, বংশালে ১৮ জন, কোতোয়ালিতে ২৫ জন ও ধানমন্ডি থানা এলাকা থেকে ১০ জনকে গ্রেফতার করা হয়। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
তবে রাজধানীর শাজাহানপুর, রূপনগর, ভাসানটেক, মিরপুর মডেল, শেরেবাংলা নগর, বিমানবন্দর, দক্ষিণখান, উত্তরা পূর্ব, শাহ আলী ও মুগদা থানা এলাকার বিএনপির কোনও নেতাকর্মী গ্রেফতার হননি।
মহানগর এলাকার বাইরে ঢাকা জেলার ৭টি থানা থেকে মোট ১৩ জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়। তাদের মধ্যে ৪ জনকে একদিন করে রিমান্ড এবং বাকি ৯ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, মহাসমাবেশকে কেন্দ্র করে দলের পাঁচ শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।