গভীর নিম্নচাপ উপকূল অতিক্রম করে স্থল নিম্নচাপে পরিণত

সাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে মঙ্গলবার (১ আগস্ট) সন্ধ্যার দিকে পটুয়াখালীর খেপুপাড়ার পাশ দিয়ে বাংলাদেশ উপকূল অতিক্রম করেছে৷ এখন এটি খুলনা ও আশেপাশের এলাকায় স্থলনিম্নচাপ আকারে অবস্থান করছে।

এর প্রভাবে এখনও উপকূলীয় এলাকাসহ সাগর উত্তাল থাকায় দেশের চার সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি নদীবন্দরগুলোতে ২ নম্বর নৌহুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ও আশেপাশের এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ সন্ধ্যা ৬টায় খেপুপাড়ার নিকট দিয়ে বাংলাদেশ উপকূল অতিক্রম করে বর্তমানে বাংলাদেশের খুলনা ও আশপাশের এলাকায় স্থল গভীর নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে।

তবে উপকূলীয় এলাকায় এর প্রভাবে ঝড়ো-হাওয়াসহ বৃষ্টি এবং সাগর কিছুটা উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে আগের মতোই ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হলো।

এদিকে নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসেও আগের মতোই বলা হয়, ফরিদপুর, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো-হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরগুলোকে ২ নম্বর নৌহুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া দেশের অন্যান্য অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো-হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।