জাতীয় সংসদের সাবেক সদস্য, শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের সহধর্মিণী অধ্যাপক পান্না কায়সারকে দাফন করা হবে রবিবার (৬ আগস্ট)। ওইদিন বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তার তৃতীয় জানাজা শেষে রাজধানীর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে। এর আগে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে তার মরদেহ রাখা হবে।
লেখক, গবেষক, শিশু সংগঠক ও অধ্যাপক পান্না কায়সারের প্রথম জানাজার নামাজ শুক্রবার বাদ জুমা গুলশান আজাদ অনুষ্ঠিত হয়। এরপর বেলা পৌনে ৩টার দিকে পান্না কায়সারের মরদেহ রাজধানীর নিউ ইস্কাটনের গাউসনগর আবাসিক এলাকার বাসায় নেওয়া হয়। সেখানে তার প্রতি জাতীয় শিশু-কিশোর সংগঠন খেলাঘর আসরের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এ ছাড়া সাহিত্যিক, শিল্পী, প্রকাশকসহ সামাজিক-সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা তার প্রতি শ্রদ্ধা জানান। এখানে বাদ আসর দ্বিতীয় জানাজা শেষে বারডেম হাসপাতালের মরচুয়ারিতে তার মরদেহ রাখা হবে।
মরহুমের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ রবিবার সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। সম্মিলিত সাংস্কৃতিক জোট ব্যবস্থাপনায় থাকবে বলে সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।