রাজধানীর মিরপুরে তরুণীর রহস্যজনক মৃত্যু

রাজধানীর মিরপুরে ফাতেমা তুজ জোহরা স্বর্ণা ওরফে অর্পনা (২৬) নামে এক তরুণীর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার (৭ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে। 

ফাতেমা তার মায়ের সঙ্গে মিরপুর ১২ নম্বর সেকশনের সি ব্লকের একটি ভাড়া বাসায় থাকতেন। ফাতেমা বাবা-মায়ের একমাত্র সন্তান। তার মা শেলি সুলতানা চাকরিজীবী। ফরিদপুর সদরপুর উপজেলার চরডুবাই গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলামের মেয়ে ফাতেমা।

বিষয়টি নিশ্চিত করে মিরপুরের শাহআলী থানার পরিদর্শক (তদন্ত) মাসুদুর রহমান বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট ও  তদন্তের পর বিস্তারিত বলা যাবে। 

মা শেলি সুলতানা অভিযোগ করে বলেন, মৃতার সহকর্মী জিসান তাকে মুঠোফোনে ডেকে নিয়ে মারধর করে বাসার সামনে ফেলে রেখে যায়। পরে আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল, সেখান থেকে ভোর পৌনে চারটায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, এক ছেলের সঙ্গে তার সম্পর্ক ছিল। বিয়ের কথা চলছিল। 

মৃতের চাচা মো. আবু জাফর জানান, ফাতেমার মুখে ও শরীরের বিভিন্ন স্থানে মারধরের চিহ্ন ছিল। তাকে মারা হয়েছে।