মোহাম্মদ মনিরুল ইসলামকে উজবেকিস্তানের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তিনি মো. জাহাঙ্গীর আলমের স্থলাভিষিক্ত হবেন।
বুধবার (৯ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০তম ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা মনিরুল ইসলাম ২০০১ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। বর্তমানে তিনি নিউ ইয়র্কে কনসাল জেনারেল হিসেবে কর্মরত আছেন।
তিনি দীর্ঘ চাকরি জীবনে টোকিও ও দিল্লিতে বিভিন্ন পদে কর্মরত ছিলেন। এছাড়া ঢাকায় তিনি বহুপক্ষীয় অর্থনৈতিক অনুবিভাগের মহাপরিচালক ছিলেন।
মনিরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ থেকে প্রথম শ্রেণীতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পরীক্ষায় তিনি প্রথম শ্রেণীতে প্রথম হন। তিনি ভারত থেকে আন্তর্জাতিক সম্পর্কের ওপর পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।