ফুটপাতে মিললো দুই নবজাতকের মরদেহ

রাজধানীর শাহবাগ থানা এলাকার আনন্দবাজারের পাশে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আনোয়ার পাশা হলের সামনের ফুটপাত থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ আগস্ট) রাতে মরদেহগুলো উদ্ধার করা হয়।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ৯৯৯-এ সংবাদ পেয়ে শুক্রবার রাত আনুমানিক ১১টার দিকে শাহবাগ থানার আনন্দবাজার সংলগ্ন ঢাবি’র আনোয়ার পাশা হলের সামনের ফুটপাতের ময়লা-আর্বজনা থেকে পুরাতন লুঙ্গি দিয়ে পেঁচানো অবস্থায় দুই নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, তাদের বয়স আনুমানিক একদিন হবে। দুই নবজাতকই ছেলে। ধারণা করা হচ্ছে তারা জমজ। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি ঢামেক মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।