ডেসকোতে জাতীয় শোক দিবস পালন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)।

মঙ্গলবার (১৫ আগস্ট) ডেসকোর প্রধান কার্যালয়ে ব্যবস্থাপনা পরিচালক কাওসার আমীর আলীর নেতৃত্বে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়। এরপর ডেসকোর মুজিব কর্নারে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। দুপুরে বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো. হাবিবুর রহমানের নেতৃত্বে ডেসকোর কর্মকর্তারা ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় কাওসার আমীর আলী বলেন, ‘বঙ্গবন্ধু আমাদের একটি স্বাধীন দেশ দিয়েছেন। সোনার বাংলা গড়ে তোলার লক্ষে জাতির পিতা মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার স্বপ্ন দেখে ছিলেন। তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেত্বত্বে মুজিববর্ষে দেশ শতভাগ বিদ্যুতায়িত হয়েছে।’

তিনি কর্মকর্তা-কর্মচারীদের জাতির পিতার আদর্শে উজ্জীবিত হয়ে শতভাগ গ্রাহকবান্ধব ডেসকো গড়ে তোলার আহ্বান জানান।

সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ইতিহাসবিদ সৈয়দ আনোয়ার হোসেন বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা আর বঙ্গবন্ধু সমার্থক। বঙ্গবন্ধু দেশি-বিদেশি ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন। ২০১৪ সাল থেকে আমি আমার লেখায় অনবরত লিখে আসছি, একটি তদন্ত কমিটি গঠন করতে। আওয়ামী লীগ ১৫ বছর ধরে রাষ্ট্র ক্ষমতায়, কিন্তু তদন্ত কমিটি কেন হচ্ছে না। ১৯৭২ সালে রমেশচন্দ্র মজুমদার বলেছিলেন, ‘‘বঙ্গবন্ধু বড় বিপদে আছেন, সামরিক বাহিনী অপতৎপরতা চালাচ্ছে।’’ ইতিহাসের নগ্ন সত্য হচ্ছে, এ হত্যাকাণ্ডের কোনও কোর্টমার্শাল হয়নি।’

তিনি বঙ্গমাতার প্রজ্ঞা এবং বিচক্ষণতার বিষয় উল্লেখ করে বলেন, ‘শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু হয়েছিলেন বঙ্গমাতার কারণে।’

আয়োজনের শুরুতে জাতির পিতার কর্মজীবনের ওপর ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। এছাড়া ডেসকোর পক্ষ থেকে নিকুঞ্জের মাদ্রাসা-ই-নুরিয়া ও এতিমখানায় পবিত্র কোরআন খতম ও দোয়ার আয়োজন এবং মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে পরিবেশন করা হয় উন্নতমানের খাবার।