র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেছেন, অতীতে জঙ্গিবাদে জড়িতরা নতুন নামে দেশকে অস্থিতিশীল করতে সংঘবদ্ধ হচ্ছে। পাশাপাশি নতুন সদস্য সংগ্রহে এখনও তৎপর রয়েছে।
বুধবার (১৬ আগস্ট) রাজধানীর কাওরানবাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
আগামীকাল ১৭ আগস্ট দেশজুড়ে সিরিজ বোমা হামলার ১৮ বছর পূর্ণ হবে। গত কয়েক বছর জঙ্গিবাদ নিষ্ক্রিয় ছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে আবারও দেশকে অস্থির করার চেষ্টা করছে। জঙ্গি দমনে র্যাবের কোনও তৎপরতা আছে কিনা জানতে চাইলে কমান্ডার খন্দকার আল মঈন বলেন, র্যাবের মূল লক্ষ্য হলো জঙ্গি গ্রেফতার করা। এখন পর্যন্ত দেশে সদ্য নিষিদ্ধ ঘোষিত আনসার আল হিন্দাল ফিল শারকিয়ারসহ মোট ৯টি জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে। আমরা দেখেছি ১৭ আগস্ট দেশজুড়ে সিরিজ বোমা হামলা করেছে জেএমবি, পরবর্তীতে হরকাতুল জিহাদ। এই সংগঠনগুলোর তৎপরতা পূর্বের তুলনায় কিছুটা কম ছিল।
তিনি বলেন, গত বছর জেএমবি’র স্বঘোষিত আমির উজ্জ্বল মাস্টারকে ব্যাংক ডাকাতির সময় গ্রেফতার করা হয়েছিল। আমরা যে তথ্য পেয়েছিলাম, জেএমবি বা হরকাতুল জিহাদের মতো সংগঠনগুলো অর্থ সংকটে ভুগছে। পাশাপাশি তাদের মধ্যে নেতৃত্ব সংকট ছিল৷ এই পুরাতন সংগঠনগুলোতে যারা এখনও তৎপর আছেন, জঙ্গিবাদ নিয়ে কাজ করতে চায়, তারা এক সঙ্গে বসে নতুন জঙ্গি সংগঠন সম্প্রতি নিষিদ্ধ হওয়া আনসার আল হিন্দাল ফিল শারকিয়ারতে যুক্ত হয়েছিল। এই সংগঠনটি আনসার আল ইসলামের অর্থায়নে পরিচালিত হচ্ছিল। এই সংগঠনের আমিরসহ অনেককে গ্রেফতার করা হয়েছে। আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে সংঘঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।
তিনি আরও বলেন, এই সময়ের আগে যারা জঙ্গিবাদে জড়িত ছিল তারা নতুন নামে দেশকে অস্থিতিশীল করতে সংঘবদ্ধ হচ্ছে। পাশাপাশি নতুন সদস্য সংগ্রহের কাজে এখনও তৎপর রয়েছে। তাদের ধরতে র্যাবের গোয়েন্দারা নিবিড়ভাবে কাজ করছে। পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীও কাজ করছে। দেশে হামলা বা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে কাজ করছে কিনা সেটি নিয়ে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কাজ করে যাচ্ছে র্যাবের গোয়েন্দারা।