ই-সিগারেট ও তামাক যুব সমাজকে ধ্বংস করছে: ডেপুটি স্পিকার

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেছেন, ধূমপান ই-সিগারেটের মাধ্যমেই হোক বা বিড়ি-সিগারেটের মাধ্যমেই হোক, এটি সর্বাবস্থায় মানবদেহের জন্য ক্ষতিকারক। ই-সিগারেট ও তামাক যুব সমাজকে ধ্বংস করছে।

রবিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের পার্লামেন্ট মেম্বার্স ক্লাবে ই-সিগারেট: মিথ ও বাস্তবতা শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক (গণসংযোগ) মো. শোয়াইব স্বাক্ষরিত পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আ ফ ম রুহুল হক ভার্চুয়ালি যুক্ত ছিলেন। এ ছাড়া ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, রানা মোহাম্মদ সোহেল, মো. নুরুল ইসলাম তালুকদার এবং আদিবা আনজুম মিতা সংসদ সদস্যরা গোলটেবিল বৈঠকে অংশ নেন।

ডেপুটি স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মাঝে দেশকে তামাক ও মাদকমুক্ত করতে চান। এ লক্ষ্য বাস্তবায়নে তামাক ও ধূমপান নিরোধে আইনকে শক্তিশালী করা অত্যন্ত জরুরি। একজন অধূমপায়ী ব্যক্তির সামনে ধূমপানরত ব্যক্তিকে বাধা দেওয়ার আইনি ভিত্তি থাকা প্রয়োজন। তামাকবিরোধী আইন সংশোধিত আকারে আসুক, তা আমি মনেপ্রাণে চাই।

শামসুল হক টুকু বলেন, তরুণ সমাজ কী কী কারণে ই-সিগারেট ও ধূমপানে আসক্ত হচ্ছে, এ জায়গাগুলো চিহ্নিত করতে হবে এবং এর প্রতিকার খুঁজে বের করতে হবে। তিনি আরও বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে মাদক ও তামাকের ক্ষতিকারক দিকগুলো নিয়ে নিয়মিত আলোচনা করতে হবে।

অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব, মো. সাইদুর রহমান, একাত্তর টিভির সিনিয়র সাংবাদিক সুশান্ত সিনহা এবং শেয়ারবিজের সাংবাদিক মাসুম বিল্লাহসহ বিভিন্ন সংগঠনের কর্মকর্তা, সংশ্লিষ্ট ব্যক্তিরা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।