নাশকতার অভিযোগে দ্রুত বিচার আইনে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় দায়ের করা মামলায় জামায়াত-শিবিরের ছয় নেতাকর্মীকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (২১ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালত এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন– দিদার হোসেন সজিব, ইসহাক, ইউসুফ আলী, মোজাহিদুল ইসলাম, আওরঙ্গজেব ও সুলতান মাহমুদ। দণ্ডের পাশাপাশি প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। অনাদায়ে আরও তিন মাস কারাভোগ করতে হবে।
আসামিদের মধ্যে ইসহাক ও আওরঙ্গজেব জামিনে ছিলেন। এদিন তারা আদালতে হাজির হন। তবে রায় ঘোষণার আগেই আদালত থেকে চলে যান। পরে আদালত জামিন বাতিল করে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাসহ সাজা পরোয়ানা জারি করেন। অপর চার আসামি শুরু থেকে পলাতক রয়েছেন।
সংশ্লিষ্ট আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি হেমায়েত উদ্দিন খান এসব তথ্য জানান।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ১৮ অক্টোবর বিএনপি-জামায়াতসহ ১৮ দলের ডাকা হরতাল চলাকালে ধ্বংসাত্মক কর্মকাণ্ড পরিচালনা, জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে জামায়াত-শিবিরের ২০ থেকে ২৫ জন মিলে একটি মিছিল বের করেন। তেজগাঁও শিল্পাঞ্চল থানার নাবিস্কোর শহীদ তাজউদ্দিন আহমদ সরণিতে তারা ককটেল বিস্ফোরণ ঘটান।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানার এএসআই আ. মালেক দ্রুত বিচার আইনে মামলাটি করেন। মামলা তদন্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক আমিনুল ইসলাম। এরপর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। বিচার চলাকালে ১০ জন সাক্ষীর মধ্যে ৯ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।