স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

১১ বছর আগে রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় বি এ এফ শাহীন স্কুলের এক শিক্ষার্থীকে অপহরণের পর ধর্ষণ মামলায় সাথেল মাহমুদ সোহেল নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ে অপহরণের দায়ে সোহেলকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে তাকে আর তিন মাস কারাদণ্ড দেওয়া হয়েছে। ধর্ষণের অপরাধেও তাকে একই সাজা দেওয়া হয়েছে। দুই ধারার সাজা একত্রে চলবে।

বুধবার (২৩ আগস্ট) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক সাবেরা সুলতানা খানমের আদালত আসামির উপস্থিতিতে এ রায় দেন। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী ইশতিয়াক হোসেন জনি বিষয়টি জানান।

মামলার সূত্রে জানা যায়, ওই শিক্ষার্থী বি এ এফ শাহীন স্কুলে পড়াশোনা করতো। স্কুলে যাওয়া আসার পথে সোহেল তাকে ভয়ভীতি ও প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। ২০১২ সালের ১৭ অক্টোবর ওই ছাত্রী স্কুলভ্যানে করে স্কুলে যায়। তবে শারীরিক অসুস্থতার কথা বলে স্কুল শেষ হওয়ার আগেই বের হয়ে যায়। এদিকে ওই শিক্ষার্থী বাসায় না ফেরায় পরিবারের পক্ষ থেকে খোঁজাখুঁজি করা হয়। পরে তারা জানতে পারেন, সোহেল তাকে বিরক্ত করতো। সোহেলের পরিবারকে বিষয়টি জানান তারা। পরে সোহেল ওই শিক্ষার্থীর বাবাকে জানায়, ওই শিক্ষার্থী তার সঙ্গে রয়েছে।

এ ঘটনায় ওই শিক্ষার্থীর বাবা ১৮ অক্টোবর ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। মামলা তদন্ত করে ২০১২ সালের ৮ ডিসেম্বর সোহেলকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার উপপরিদর্শক মুনসী শহিদুল ইসলাম। ২০১৫ সালের ২০ জানুয়ারি আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলার বিচার চলাকালে আদালত ছয় জনের সাক্ষ্য গ্রহণ করেন।