রাজধানীর গুলশানে অটোরিকশার গ্লাস ভেঙে আবু হানিফ রানা (৩৫) নামে সুবাস্তু প্রোপার্টিজ লিমিটেডের এক প্রাইভেটকার চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য জানান।
বাগেরহাটের রামপাল উপজেলার কুমলাই গ্রামের মৃত শেখ হাসানের ছেলে আবু হানিফ। বর্তমানে সুবাস্তু প্রোপার্টিজ লিমিটেডের অফিসেই থাকতেন।
প্রাইভেটকারে থাকা ওই প্রতিষ্ঠানের কর্মী আলমগীর হোসেন বলেন, ‘গুলশানে সিএনজিচালিত একটি অটোরিকশা প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়। অটোরিকশাকে আটকানোর চেষ্টাকালে অটোরিকশার গ্লাস ভেঙে গুরুতর আহত হন হানিফ। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, পরে বিকাল ৩টায় ঢামেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে নিহতের মামা ডা. আলমগীর হোসেন ও বোন সুলতানা বেগম হাসপাতালে ছুটে আসেন।’
তিনি বলেন, ‘বিষয়টি আমরা গুলশান থানাকে জানিয়েছি। মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’