নারী চা শ্রমিকদের নির্যাতন বন্ধসহ ৮ দাবি

কর্মক্ষেত্রে নারী চা শ্রমিকদের নির্যাতন বন্ধসহ ৮ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস)।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) ঢাকা রিপোটার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে চা খাতে নিয়োজিত নারী শ্রমীকদের অধিকার ও শোভন কাজের বিদ্যমান পরিস্থিতি অবহিতকরণ ও মতবিনিময় সভায় এসব দাবির কথা বলা হয়।

মতবিনিময় সভাটির আয়োজন করে বিলস। সহযোগিতায় ছিল অক্সফ্যাম ইন বাংলাদেশ এবং সহ-অর্থায়নে ছিল ইউরোপিয়ান ইউনিয়ন।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, চা শ্রমিকদের চাকরির কোনও নিরাপত্তা নেই, বাগান কর্তৃপক্ষ যেকোনও সময় মৌখিক নির্দেশে তাদের ছাঁটাই করে থাকেন। খুব স্বল্প বেতনে শ্রমিকরা কাজ করেন। এমনকি মজুরি নিয়ে তাদের ঠকানো হয়। কর্মক্ষেত্রে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম সরবরাহ এবং রক্ষণাবেক্ষণ, মাতৃত্বকালীন সুরক্ষা এবং নারী শ্রমিকদের প্রজনন স্বাস্থ্যবিধি বিষয়ে কার্যকর উদ্যোগ দেখা যায় না।

তারা বলেন, নারী চা শ্রমিকরা নিজেদের অধিকার সম্পর্কে সচেতন নয়। সরকারের পক্ষ থেকে তাদের অধিকার লঙ্ঘনের তদারকি ব্যবস্থাপনাও খুব দুর্বল। কর্মক্ষেত্রে শ্রমিকের কোনও নিয়োগপত্র, পরিচয় পত্র, সার্ভিস বুক, উপস্থিতি রেজিস্ট্রার দেখতে পাওয়া যায় না। চা খাতে নিয়োজিত নারী শ্রমিকদের অবস্থানের ইতিবাচক পরিবর্তন নিশ্চিতে জন্য চা খাতে নিয়োজিত নারী শ্রমিকের ক্ষমতায়ন প্রয়োজন।

নারী চা শ্রমিকদের সুরক্ষায় বিলসের ৮ দফা দাবি হলো–

শ্রমিক অধিকার এবং শোভন কাজ বিষয়ে নারী শ্রমিকদের সঠিকভাবে জানানো; ইউনিয়ন এবং বাগান পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারী শ্রমিকের অংশগ্রহণ ও মতামত মূল্যায়ন করা; বিরোধ নিষ্পত্তি, দর-কষাকষি এবং নেতৃত্বের উন্নয়ন বিষয়ে নারী নেতৃত্বকে প্রশিক্ষণ দেওয়া; কর্মক্ষেত্র ও কমিউনিটিতে নারী বান্ধব অভিযোগ গ্রহণ, কার্যকর নিষ্পত্তি নিশ্চিত করা এবং নারী শ্রমিকরা যেন বিষয়টি জানে তা নিশ্চিত করা; কর্মক্ষেত্রে নারী শ্রমিকদের প্রতি সব ধরনের নির্যাতন বন্ধের জন্য কার্যকর ভূমিকা পালন করা; কর্মক্ষেত্রে নারী শ্রমিকদের সমস্যা দেখাশোনার জন্য একটি নির্দিষ্ট কাঠামো এবং প্রক্রিয়া তৈরি করা; নারী শ্রমিকদের তাদের অধিকার ও সুরক্ষায় সচেতন করা এবং নারী সুরক্ষা নীতি প্রণয়ন ও বাস্তবায়নে সোচ্চার হওয়া।

বিলসের ভাইস চেয়ারম্যান মো. মজিবুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে এবং বিলসের উপদেষ্টা পরিষদের সদস্য নাঈমুল হাসান জুয়েলের সঞ্চালনায় মতবিনিময় সভায় ছিলেন বিলস পরিচালক কোহিনূর মাহমুদ, বিলসের নির্বাহী পরিষদের সম্পাদক আবুল কালাম আজাদ, ফেমিনিস্ট লিডারশিপ অ্যান্ড পার্টনারশিপ স্পেশালিস্ট অক্সফ্যাম ইন বাংলাদেশ শাহজাদী বেগম, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক আহসান হাবিব বুলবুল, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের অর্থ সম্পাদক পরেশ কালিন্দি প্রমুখ।