৩২ স্বর্ণের বার উদ্ধার: আসামির জামিন স্থগিত

ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর সীমান্ত থেকে ৩২ পিস স্বর্ণের বারসহ গ্রেফতার ইমাম হুসাইনকে (৩০) হাইকোর্টের দেওয়া জামিন আদেশ আট সপ্তাহের জন্য স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে বুধবার (১৩ সেপ্টেম্বর) আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন চেম্বার জজ আদালত এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন।

এর আগে ২০২২ সালের ২২ অক্টোবর সকালে ঝিনাইদহের মহেশপুরের যাদবপুর সীমান্ত এলাকার বড়বাড়ি গ্রামের বি কে নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়। ইমাম হুসাইন যশোরের চৌগাছা এলাকার আব্দুল খালেকের ছেলে।

তার বিরুদ্ধে মামলাটি করেন নায়েব সুবেদার মো.মাহবুব হোসেন। মামলায় বলা হয়, ২২ অক্টোবর টহলের সময় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে যশোরের চৌগাছা এলাকা থেকে মোটরসাইকেলে স্বর্ণের বার ভারতে পাচার করা হবে। পরে সীমান্ত এলাকার বড়বাড়ি গ্রামে অবস্থান নেয় বিজিবি। এ সময় সন্দেহ হলে বিদ্যালয়ের সামনে ইমাম হোসেনকে তল্লাশি করে ৩২ পিস স্বর্ণের বার পাওয়া যায়। তিন কেজি ৭১৯ গ্রাম ওজনের জব্দ করা স্বর্ণের আনুমানিক মূল্য দুই কোটি ৬৩ লাখ ৯৪ হাজার ৫৮৫ টাকা।

এ মামলায় ১১ সেপ্টেম্বর হাইকোর্ট তাকে জামিন দেন। এ জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।