রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্ট এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলে থাকা মো. রাসেল (১৭) নামে যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই আরোহী আহত হয়েছে। বুধবার (২০ সেপ্টেম্বর) ভোর রাতে এ ঘটনা ঘটে।
বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট গ্রামের মো. সিরাজুল হক ও তাসলিমা বেগমের ছেলে রাসেল। বর্তমানে মিরপুর ১১ নম্বর সেকশন পল্লবী এলাকায় পরিবারের সঙ্গে থাকতো। তিন ভাই দুই বোনের মধ্যে সে ছিল ছোট। আহত বাকি দুজন হলো মানিক (১৯) ও এনামুল (২৩)।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
ঘটনার পর আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা পর রাসেলকে ভোর সাড়ে ৪টায় মৃত ঘোষণা করেন। একই ঘটনায় তার সহকর্মী মানিক ও এনামুল প্রাথমিক চিকিৎসা নিয়েছে।
নিহত রাসেলের ভাই মো. হোসেন জানান, রাসেল একটি মোটরসাইকেল গ্যারেজে কাজ করতো। মঙ্গলবার দিবাগত রাতে আরেক জনের মোটরসাইকেল নিয়ে দুই বন্ধুসহ তিন জন কিছু খাবার খাওয়া জন্য পুরান ঢাকার নাজিরা বাজার গিয়েছিল। সেখান থেকে ফেরার পথে গুলিস্তান জিরো পয়েন্ট এলাকায় একটি কাভার্ড ভ্যান তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তারা আহত হয়। পরে হাসপাতালে রাসেলকে চিকিৎসক মৃত বলে জানান।