উড়োজাহাজে ২ ঘণ্টা বসিয়ে রাখায় ক্ষুব্ধ সৌদি এয়ারলাইনের যাত্রীরা

ঢাকা থেকে জেদ্দাগামী সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট এসভি ৮০৩ ছাড়ার কথা ছিল রাত ২টা ৪০ মিনিটে। তবে ৬ ঘণ্টা পরে ছাড়লো ফ্লাইটটি। ওই ফ্লাইটের অনেক যাত্রী ওমরাহ পালন করতে সৌদি আরব যাচ্ছেন। যাত্রীদের ফ্লাইটে উঠিয়ে প্রায় ২ ঘণ্টা বিমানে বসিয়ে রাখায় অসন্তোষ প্রকাশ করেছেন যাত্রীরা। ফ্লাইটে যাত্রীদের বসানো হলেও এসি কাজ করছিল না, ফ্লাইট কখন ছাড়বে তাও বলছিল না সৌদি এয়ারলাইনের কর্মীরা। এতে ভোগান্তি পোহাতে হয়েছে যাত্রীদের।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে, ঢাকা থেকে জেদ্দাগামী সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট এসভি ৮০৩ ফ্লাইট ছাড়ার নির্ধারিত সময় ছিল রাত ২টা ৪০ মিনিট। তবে হুট করেই শিডিউল চেঞ্জ করে ফ্লাইট নেওয়া হয় ৫টা ৩৫ মিনিটে। যদিও সেই সময়ও আবার বদলে যায়। যাত্রীদের সকাল ৬টা ৪৫ মিনিটে বিমানে উঠানো হয়। তবে উঠানোর পর থেকে বসে আছেন যাত্রী, ফ্লাইট আর ছাড়ছে না। চলছে না এসি। গরমে বৃদ্ধ ও শিশুসহ সকল যাত্রীরা অতিষ্ঠ। কেন বিলম্ব হচ্ছে সেই উত্তরও মিলছে না।

এ বিষয়ে জানতে সৌদি এয়ারলাইন্সের স্টেশন ম্যানেজারের নাম্বারে ফোন করলেও কেউ ফোন ধরেননি।

সেই ফ্লাইটের যাত্রীরা জানান, সৌদি এয়ারলাইন ফ্লাইট টাইম নিয়ে বারবার লুকোচুরি করছিল। ফ্লাইট কেন দেরিতে ছাড়বে, কখন ছাড়বে এ বিষয়ে নির্দিষ্টভাবে বলছিল না।

সেই ফ্লাইটের যাত্রী মনির হোসেন বলেন,  প্রায় ২ ঘণ্টা ধরে উড়োজাহাজে উঠিয়ে বসিয়ে রাখা হয়েছে। ফ্লাইট কেন ছাড়বে না, কখন ছাড়বে এসব বিষয়ে কোনও উত্তর দিচ্ছেন না কেবিন ক্রুরা। ফ্লাইটে ওমরাহ যাত্রী ছিল বেশি। বয়স্ক মানুষগুলো গরমে কষ্ট পেয়েছেন খুব, কারণ এসি কাজ করছিল না।