মানিলন্ডারিং আইনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক ব্যক্তিগত সহকারী (এপিএস) মিয়া নুরউদ্দিন আহমেদ অপুসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ২৯ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।
বুধবার (১১ অক্টোবর) ঢাকার বিশেষ জজ আদালত ১০-এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম এ দিন ধার্য করেন। এদিন মামলার অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। আসামি মিয়া নুরউদ্দিন অপু অসুস্থ থাকায় কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এসময় অপুর মূল আইনজীবী মাসুদ আহম্মেদ তালুকদার বিদেশে থাকায় সময়ের আবেদন করা হয়। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে ২৯ অক্টোবর অভিযোগ গঠন শুনানির জন্য নতুন দিন ধার্য করেছেন।
মামলার অন্য আসামিরা হলেন— হুন্ডি ব্যবসায়ী আতিকুর রহমান আতিক, নাফিজ ইউনাইটেড করপোরেশনের ম্যানেজার ও স্বত্বাধিকারী মাহমুদুল হাসান ওরফে ফেরদৌস, তার ভাগ্নে এ এম আলী হায়দার ওরফে নাফিজ, আমেনা এন্টারপ্রাইজ অ্যান্ড সার্ভিসের ম্যানেজার জয়নাল আবেদীন ও কর্মচারী আলমগীর হোসেন এবং ফায়েজুর রহমান।
মামলার অভিযোগ থেকে জানা যায়, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ২০১৮ সালের ২৪ ডিসেম্বর মতিঝিলের সিটি সেন্টারের একটি অফিসে অভিযান চালিয়ে সেখানে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ অর্থ উদ্ধার করে। অভিযোগ ওঠে, তৎকালীন নির্বাচন প্রভাবিত করতে ওই অর্থ মজুত করা হয়েছিল। এ ঘটনায় র্যাব-৩ এর নায়েব সুবেদার ইব্রাহিম হোসেন মতিঝিল থানায় মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করেন। মামলাটি তদন্ত করে সাতজনকে অভিযুক্ত করে ২০২১ সালের ১৩ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা সিআইডির ফিন্যান্সিয়াল ক্রাইমের পরিদর্শক ইব্রাহিম হোসেন।