ছয় বার নামঞ্জুরের পর জামিন পেলেন হত্যা মামলার আসামি

রাজধানীর গুলিস্তানে দুই গ্রুপের মারামারিতে মাদ্রাসাছাত্র রেজাউল করিম হত্যা মামলার আসামি মো সোলায়মান ওরফে সালমানকে ছয় বার জামিন না মঞ্জুরের পর বুধবার (২৫ অক্টোবর) জামিন মঞ্জুর করেছে আদালত।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালত তার জামিন মঞ্জুর করেন। এর আগে ছয় বার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এর কয়েকটি আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন। 

আদালতের পল্টন মডেল থানার সাধারণ নিবন্ধন (জিআর) শাখার কর্মকর্তা উপপরিদর্শক শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। 

এ মামলায় গ্রেফতারের পর গত ১০ আগস্ট আসামি সালমানকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. জামাল উদ্দীন মীর। এসময় আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার দুই দিন রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে গত ১৩ আগস্ট তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছে।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২৮ জুলাই সন্ধ্যায় আওয়ামী লীগের শান্তি সমাবেশ থেকে ফেরার পথে গুলিস্তানে দলটির দুই নেতার অনুসারীর মধ্যে সংঘর্ষ হয়। এর মাঝে পড়ে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন রেজাউল। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। 

এ ঘটনায় রেজাউলের বোন ফারহানা আফরিন সুমি বাদী হয়ে রাজধানীর পল্টন থানায় হত্যা মামলা করেন। এরপর মামলায় চার জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের মধ্যে মোহাম্মদ আলী হোসেন ও মো. সিরাজ তালুকদার উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন। এছাড়া অপর আসামি পারভেজ হোসেন বিপ্লব কারাগারে আটক রয়েছে।