আমদানিকৃত ভারী নির্মাণ যন্ত্রপাতি ও সরঞ্জাম বিক্রয় প্রতিষ্ঠান ‘মুশাসি বাংলাদেশ জাপান লিমিটেডের’ নামে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে প্রতারক চক্র। বিজ্ঞপ্তিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে চাকরি দেওয়ার নামে চাকরিপ্রার্থীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ প্রতিষ্ঠানটির।
সোমবার (৫ নভেম্বর) প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতারণার বিষয়টি জানানো হয়। এ নিয়ে গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
মুশাসি বাংলাদেশ জাপান লিমিটেডের বিজ্ঞপ্তিতে বলা হয়, লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি তারা তাদের কোম্পানির নিজস্ব ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রকাশ করে থাকেন। মুশাসি বাংলাদেশ লিমিটেড কোনও লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলে সেটা তাদের কোম্পানির নিজস্ব ওয়েবসাইট ও ফেসবুক পেজেই প্রকাশ করা হবে। প্রতারকরা ‘Musashi Bangladesh Japan Ltd নিয়োগ’ শিরোনামে ৫২৭টি পদের বিপরীতে বিজ্ঞপ্তিটি প্রকাশ করে।
এ সংক্রান্ত অনলাইন প্রচারণা দৃষ্টিগোচর হওয়ায় কর্তৃপক্ষ ইতোমধ্যে বিষয়টি পুলিশকে অবহিত করেছেন। গুলশান থানার সাব-ইন্সপেক্টর মিজানুর রহমান বিষয়টি তদন্ত করছেন বলে জানান। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে অনুরোধ জানান কান্ট্রি ম্যানেজার জিয়াউল হাসান বনি।