পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) পরিদর্শক মামুন ইমরান খান হত্যা মামলায় আলোচিত দুবাইয়ের পলাতক স্বর্ণ ব্যবসায়ী আরাভ খানসহ অন্যান্য আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের তারিখ পিছিয়েছে। আগামী ২৩ নভেম্বর পরবর্তী তারিখ ধার্য করেছেন আদালত।
বুধবার (৮ নভেম্বর) শুনানি শেষে ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফয়সল আতিক কাদের বিন কাদেরের আদালত এই তারিখ ধার্য করেন।
এদিন মামলাটির সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল। তবে বিএনপির ডাকা অবরোধের জন্য কারাগার থেকে আসামিদের আদালতে হাজির করেনি কারা কর্তৃপক্ষ। এজন্য আদালত পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য নতুন করে এই তারিখ ধার্য করেছেন।
আসামি পক্ষের আইনজীবী রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন। মামলাটিতে ৩৮ জন সাক্ষীর মধ্যে ১৪ জনের সাক্ষ্য শেষ হলো।
মামলার অপর আসামিরা হলো-রবিউলের স্ত্রী সুরাইয়া আক্তার কেয়া (২১), ইমরানের বন্ধু রহমত উল্লাহ (৩৫), স্বপন সরকার (৩৯), দিদার পাঠান (২১), মিজান শেখ (২১), আতিক হাসান (২১), সারোয়ার হোসেন (২৩) এবং দুই কিশোরী মেহেরুন নেছা স্বর্ণ ওরফে আফরিন ওরফে আন্নাফী (১৬) ও ফারিয়া বিনতে মীম ওরফে মাইশা (১৬)। আসামিদের মধ্যে রবিউল ও সুরাইয়া পলাতক, অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় আন্নাফী ও মাইশা জামিনে আছেন এবং বাকিরা কারাগারে। আন্নাফী ও মাইশার বিচার শিশু আদালতে হচ্ছে।
এর আগে ২০১৮ সালের ৯ জুলাই গাজীপুরের জঙ্গল থেকে মামুন ইমরান খানের লাশ উদ্ধার করা হয়। ওই ঘটনায় মামুনের ভাই জাহাঙ্গীর আলম খান বাদী হয়ে রাজধানীর বনানী থানায় একটি হত্যা মামলা করেন।
২০১৯ সালের ৮ এপ্রিল মামলাটির তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক শেখ মাহবুবুর রহমান সিএমএম আদালতে এ চার্জশিট দাখিল করেন।