সুপ্রিম কোর্টে যৌন হয়রানি সংক্রান্ত অভিযোগ গ্রহণ, পাওয়া অভিযোগ অনুসন্ধান ও প্রয়োজনীয় সুপারিশ দিতে ২০২১ সালের গঠিত কমিটি পুনর্গঠন করেছে প্রশাসন।
বুধবার (৮ নভেম্বর) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রাব্বানী স্বাক্ষরিত বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
পুনর্গঠিত কমিটির সভাপতি করা হয়েছে হাইকোর্ট বিভাগের বিচারপতি ফারাহ মাহবুবকে। সদস্য হিসেবে রাখা হয়েছে হাইকোর্ট বিভাগের বিচারপতি ফাতেমা নজীব, আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান, সুপ্রিম কোর্টের আইনজীবী ফাওজিয়া করিম ও ফারজানা রহমানকে।
এর আগে ২০০৮ সালের ৭ আগস্ট বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সালমা আলী কর্মস্থল এবং শিক্ষাঙ্গনে নারী ও শিশুদের যৌন হয়রানি প্রতিরোধের জন্য দিকনির্দেশনা চেয়ে হাইকোর্ট বিভাগে জনস্বার্থে একটি রিট আবেদন দায়ের করেন। শুনানি শেষে ২০০৯ সালের ১৪ মে হাইকোর্টে রায় দেন তৎকালীন বিচারপতি (পরবর্তীতে প্রধান বিচারপতি) সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ।
রায়ে হাইকোর্ট সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সব প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে অভিযোগ গ্রহণের জন্য ‘যৌন হয়রানি প্রতিরোধ কমিটি’সহ বিভিন্ন নির্দেশনা দিয়েছিলেন।
এরপর ২০০৯ সালের হাইকোর্টের রায়ের আলোকে ২০২১ সালের শেষের দিকে প্রথমবারের মতো কমিটি করে সুপ্রিম কোর্ট প্রশাসন। কমিটির সভাপতি করা হয়েছিল হাইকোর্ট বিভাগের বিচারপতি কৃষ্ণা দেবনাথকে। পরবর্তীতে আপিল বিভাগে নিয়োগ পাওয়া এই বিচারক গত বছরের সেপ্টেম্বরে অবসরে যান।