ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে পেটানোর হুমকি দেওয়া চট্টগ্রামের বাঁশখালির চম্বল ইউনিয়নের আওয়ামী লীগের আহ্বায়ক ও চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে ব্যবস্থা নেবে আওয়ামী লীগ।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৯টায় আওয়ামী লীগের কার্যনির্বাহী সভা শেষে গণভবনের গেটে সাংবাদিকদের দলের এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
পিটার হাসকে নিয়ে মুজিবুল হক চৌধুরীর দেওয়া বক্তব্যকে ‘শিষ্টাচার বহির্ভূত’ উল্লেখ করে তিনি বলেন, ‘মার্কিন রাষ্ট্রদূতকে নিয়ে শিষ্টাচার বহির্ভূত, অশোভন যে বক্তব্য দিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার হচ্ছে। তা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। চট্টগ্রামের বাঁশখালির চম্বল ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীর বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের ব্যবস্থা আমরা নেবো। এ ধরনের শিষ্টাচার বহিভূত আচরণ করা মোটেও উচিত নয়।’
ওবায়দুল কাদের বলেন, ‘সম্মানিত ব্যক্তি— তিনি কূটনীতিক হোক, আর যেই হোক, তার বিরুদ্ধে শিষ্টাচার বহির্ভূত বক্তব্য হতে পারে না। দলীয় প্রধানের পক্ষ থেকে ভবিষ্যতে এ ধরনের বক্তব্য দেওয়া থেকে বিরত থাকতে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।’