নাশকতাকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে পুলিশ: ডিএমপি কমিশনার

অবরোধে যানবাহনে আগুন দেওয়াসহ নাশকতাকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে পুলিশ। কাউকেই এ বিষয়ে ছাড় দেওয়া হবে না। ইতোমধ্যে নাশকতাকারীদের ধরিয়ে দিতে পুলিশ পুরস্কার ঘোষণা করেছে। আগের অবরোধে অগ্নিসংযোগকারীকে ধরিয়ে দিয়ে দু’জন পুরস্কারও নিয়ে গেছেন। কনস্টেবল থেকে শুরু করে সব পর্যায়ের কর্মকর্তাদের মাঠে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (১১ নভেম্বর) রাতে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান। রবিবার (১২ নভেম্বর) সকাল ৬টা থেকে চতুর্থ দফায় ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপিসহ সমমনা দলগুলো, যা মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল ৬টা গড়াবে।

ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন, ‘রবিবার থেকে অবরোধে সব পর্যায়ের কর্মকর্তাদের মাঠে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। কাজের গতি বাড়াতে এবং নাশকতাকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকতে বলা হয়েছে। যাতে কেউ যানবাহনে অগ্নিসংযোগসহ কোনও নাশকতা করতে না পারে।’

তিনি বলেন, ‘ডিসি (উপ-কমিশনার), এডিসি (অতিরিক্ত উপ-কমিশনার), এসি (সহকারী কমিশনার), ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা), পরিদর্শক (তদন্ত), পরিদর্শক (অপারেশনস) ও অন্যান্য টহল দলসহ যেন মাঠে থাকে। কোনোভাবেই যেন কেউ কোনও ঘটনা ঘটাতে না পারে।’