রাজধানীর মিরপুর ১৩ নম্বরে কাফরুল থানার বিপরীতে যাত্রীবাহী প্রজাপতি পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। শনিবার (১১ নভেম্বর) রাত ১১টা ৩৮ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে মিরপুর ফায়ার স্টেশন দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম।
এর আগে সন্ধ্যার পর আরও চারটি আগুন দেয় দুর্বৃত্তরা। রাজধানীর আরামবাগ, গুলিস্তান, গাবতলী ও যাত্রাবাড়ীতে চারটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার (১১ নভেম্বর) রাত ৮টা ২০ মিনিটে আরামবাগ পুলিশ বক্সের পাশে, সাড়ে ৮টার দিকে গাবতলীর বাস স্ট্যান্ডের সামনে, রাত ৯টার দিকে গুলিস্তান সুন্দরবন স্কয়ার মার্কেটের সামনে এবং রাত সাড়ে ৯টায় রাজধানীর যাত্রাবাড়ী ফলপট্টির সামনে বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।