আমি যখন বড় হয়ে উঠছি, তখন চারপাশে সমাজে নানা অসঙ্গতি দেখতে পাই। বারবার মনে হতে থাকে এমন কোনও সংগঠন যদি পাওয়া যেতো, যারা সংগঠিতভাবে এই অসঙ্গতিগুলো নিয়ে কথা বলবে। এমন সময় আমি আমার সংগঠনটাকে পাই। এখানে সমবয়সী, সমমনা আমরা কয়েক বছর ধরে কাজ করছি।
কথাগুলো কেবল ইয়াসিদের স্বেচ্ছাসেবকের না, কক্সবাজারে কর্মরত ভলান্টিয়ার সংগঠনগুলো একইভাবে ভাবতে শিখেছে। তারা নিয়মিত সৈকত পরিচ্ছন্ন রাখার কাজ করেন, মানুষকে সচেতন করেন।
সোমবার (১১ ডিসেম্বর) সকালে বাংলা ট্রিবিউন ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে কক্সবাজারে আয়োজিত হয় সৈকত পরিচ্ছন্ন রাখতে জনসচেতনতা কর্মসূচি। ১০০ জন স্বেচ্ছাসেবকের অংশগ্রহণে ‘বিচ ক্লিনিং ও সচেতনতামূলক প্রচারাভিযান’ চালানো হয়। সেখানে দেখা যায়—কীভাবে মিউজিককে কাজে লাগিয়ে কাজে উদ্বুদ্ধ করা হয়।
মঙ্গলবার কক্সবাজারের শৈবাল হোটেলে আয়োজিত ‘কক্সবাজার: আশা প্রত্যাশার পর্যটন’ শীর্ষক সেমিনারের ফাঁকে পর্যটনের উন্নয়নে ভূমিকা রাখায় আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস-২০২৩ উপলক্ষে কক্সবাজারের স্থানীয় পাঁচটি স্বেচ্ছাসেবী সংগঠনকে ক্রেস্ট প্রদান করা হয়।
কক্সবাজারে নানান সংগঠন কাজ করছে। তাদের মধ্যে আছে, ‘কক্সিয়ান এক্সপ্রেস’, ‘তারুণ্যের অভিযাত্রিক’, ‘স্বপ্নতরী ফাউন্ডেশন’, ‘সিইএইচআরডিএফ’ ও ‘ইয়ুথ অর্গানাইজেশন অব উখিয়া’।
কেন স্বেচ্ছাসেবক হতে চাইলেন প্রশ্নে একজন নারী বলেন, আমি অর্থনীতি বিষয় নিয়ে পড়ালেখা করি। এ দেশের জন্য, সমাজের জন্য কিছু করতে চাই। এই সংগঠনের সাথে যুক্ত হওয়া এবং কাজ করার মধ্য দিয়ে আত্মবিশ্বাসী হয়ে উঠেছি আমি। পাশে থেকে আরেকজন এগিয়ে এসে বলেন, ছোটবেলায় বাবার হাত ধরে নানা সমাজসেবার কাজের জায়গায় যেতাম। তখন থেকেই জানতাম আমিও এসবের মধ্যেই জড়িত থাকবো। ভাবতে ভালো লাগে— আমাকে এ দেশের কাজে লাগবে তেমন করে নিজেকে তৈরি করতে পারছি।
স্বেচ্ছাসেবীরা আমাদের পর্যটন কাজের গুরুত্বপূর্ণ অংশজুড়ে আছে উল্লেখ করে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপ-পরিচালক মোহাম্মদ সাইফুল হাসান বলেন, কেবল সৈকত পরিষ্কার না, দুর্যোগ মুহূর্তে তারা অনন্য ভূমিকা রাখে এবং সেটা তারা নিঃস্বার্থভাবে করছে। এই ছেলেমেয়েগুলো যে উদ্যমে কাজ করেন, সঠিক দিকনির্দেশনা পেলে তাদের নিয়ে আমরা অসাধ্য সাধন করতে পারবো।
বাংলা ট্রিবিউনের হেড অব প্ল্যানিং শেরিফ আল সায়ার মনে করেন এত বিশাল সংখ্যক তরুণ-তরুণী যে কাজটি নিরলসভাবে করে যাচ্ছে সেটা বেশিরভাগ মানুষের অজানা। অন্যদের উৎসাহিত করতে এবং ভলান্টিয়ারদের আরও এগিয়ে নিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
পর্যটন উন্নয়নে ভূমিকা রাখায় আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস-২০২৩ উপলক্ষে কক্সবাজারের স্থানীয় পাঁচটি স্বেচ্ছাসেবী সংগঠনকে ক্রেস্ট প্রদান করা হয় অনুষ্ঠানে।