বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ কাতার গেছেন। কাতার অলিম্পিক কমিটির ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট এবং কাতার ভারত্তোলন ফেডারেশনের প্রেসিডেন্ট মোহাম্মেদ ইউসেফ আলমানার আমন্ত্রণে সরকারি সফরে মঙ্গলবার (১২ ডিসেম্বর) কাতারের উদ্দেশে তিনি ঢাকা ত্যাগ করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ১৩ ও ১৪ ডিসেম্বর কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠেয় ‘কাতার গ্র্যান্ড প্রিক্স-২০২৩’ এর সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। ‘কাতার গ্র্যান্ড প্রিক্স-২০২৩’ এ সেনাবাহিনী প্রধানের উপস্থিতি অংশগ্রহণকারী বাংলাদেশি অ্যাথলেটদের অনুপ্রাণিত করবে। পাশাপাশি তিনি বিভিন্ন দেশ থেকে আগত প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে অংশগ্রহণ করে পারস্পরিক ক্রীড়া উন্নয়নমূলক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন।
আইএসপিআর জানায়, সেনাবাহিনী প্রধান কাতার সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল সালেম বিন হামাদ বিন মোহাম্মেদ বিন আকিল আল নাবিতের সঙ্গেও বৈঠক করবেন। এই দ্বিপাক্ষিক বৈঠক বাংলাদেশ ও কাতারের মধ্যে সম্পাদিত সমঝোতা স্মারক বাস্তবায়ন এবং দু’দেশের মধ্যকার পারস্পরিক সামরিক সম্পর্কোন্নয়নের ক্ষেত্রে বিশেষভাবে সহায়ক হবে। এছাড়া তিনি দোহায় বাংলাদেশ দূতাবাস আয়োজিত ‘বিজয় দিবস মেলা’ উদ্বোধন করবেন এবং স্থানীয় বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করবেন। আগামী ১৫ ডিসেম্বর তিনি কাতার থেকে দেশে ফিরে আসবেন।