বিএনপি সরকারের সময় চাকরিচ্যুত জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক কর্মকর্তা বখতিয়ার আহমেদ খানের বিরুদ্ধে হওয়া রিভিউ আবেদন খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ রায় দেন।
আদালতে বখতিয়ার আহমেদ খানের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আখতার ইমাম ও ব্যারিস্টার রাশনা ইমাম। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।
পরে রাশনা ইমাম জানান, আপিল বিভাগ রিভিউ খারিজ করেছেন। এর মাধ্যমে বখতিয়ার আহমেদের দীর্ঘ ৩০ বছরের আইনি লড়াই শেষ হলো। ফলে বিএনপি সরকারের সময় চাকরিচ্যুত জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক কর্মকর্তা বখতিয়ার আহমেদ খানের বেতন-ভাতাসহ সব সুযোগ-সুবিধা পাবেন।
মামলার বিবরণী থেকে জানা গেছে, অবসরপ্রাপ্ত লে. বখতিয়ার আহমেদ খান ১৯৮২ থেকে ১৯৯২ সাল পর্যন্ত জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদফতরের কারিগরি শাখায় উপ-পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।
১৯৯০ সালের ডিসেম্বরের শেষ দিকে রাষ্ট্রপতির সচিবালয়ে তাকে ওএসডি হিসেবে সংযুক্ত করা হয় এবং ১৯৯১-৯২ সাল পর্যন্ত ওএসডি থাকা অবস্থায় একবার তদন্ত কমিটির মুখোমুখি হন।
পরে তদন্ত কমিটি সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের বিরুদ্ধে সাক্ষ্য প্রদানের জন্য বললে অসম্মতি প্রকাশ করেন তিনি। ১৯৯২ সালে ২৩ সেপ্টেম্বর তৎকালীন বিএনপি সরকার কর্তৃক চাকরিচ্যুত হন তিনি।