ঋণখেলাপি হওয়ার অভিযোগে ময়মনসিংহ-৯ আসনে আওয়ামী লীগের প্রার্থী মেজর জেনারেল (অব.) এম এ সালামের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশনের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। তার রিট আবেদনের শুনানি নিয়ে সোমবার (১৮ ডিসেম্বর) বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী প্রবীর নিয়োগী ও মতিউর রহমান ভুঁইয়া।
এর আগে মনোনয়নপত্র যাচাই–বাছাইয়ে ময়মনসিংহ-৯ আসনে আওয়ামী লীগের প্রার্থী এম এ সালামের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছিলেন সেখানকার রিটার্নিং কর্মকর্তা। এই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন একই আসনের বর্তমান সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান।
১৫ ডিসেম্বর বৃহস্পতিবার নির্বাচন কমিশনে (ইসি) অনুষ্ঠিত শুনানিতে রিটার্নিং কর্মকর্তার দেওয়া সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে রায় দেয় কমিশন। এর ফলে এম এ সালামের প্রার্থিতা বাতিল হয়ে যায়। ঋণখেলাপি হওয়ায় এমন সিদ্ধান্ত নেয় ইসি। পরে এম এ সালাম হাইকোর্টে রিট দায়ের করেন।
আবদুস সালামের বিরুদ্ধে ইসিতে আবেদনটি করেছিলেন আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান। তিনি এবার দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।